নিজস্ব প্রতিনিধি, বরানগর: এক সপ্তাহ ধরে দমদম রোডের ধারে পড়ে থাকা বৃদ্ধকে সোমবার রাতে উদ্ধার করে হাসপাতালে পাঠাল নাগেরবাজার থানার পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, বৃদ্ধকে তাঁর ছেলে নাগেরবাজার মোড়ে ফেলে রেখে চম্পট দিয়েছিল। পুলিশ বৃদ্ধের ছেলের খোঁজ চালাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহ ধরে রাস্তার ধারে দোকানের শেডের নীচে ওই বৃদ্ধ পড়েছিলেন। বৃদ্ধের পরনে হাফ প্যান্ট ও টি শার্ট ছিল। এলাকাবাসী তাঁকে জল খাবার দিয়েছিল। কিন্তু বৃষ্টির মধ্যে ভেজা নোংরা জামাকাপড়ে বৃদ্ধ প্রায় অচেতন হয়ে পড়েছিলেন। খবর পেয়ে নাগেরবাজার থানার ওসির উদ্যোগে সোমবার রাতে পুলিশকর্মীরা তাঁকে আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে বৃদ্ধের সিটি স্ক্যান থেকে অন্যান্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, বৃদ্ধের আদি বাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটাল। বর্তমানে দমদম অর্জুনপুর অজয়নগর এলাকায় দ্বিতীয় পক্ষের ছেলের কাছে থাকতেন। জমিজায়গা সম্পর্কিত ঝামেলায় ওই বৃদ্ধের ছেলে তাঁকে রাস্তায় ফেলে গিয়েছে। যদিও পুলিশ বৃদ্ধের ছেলের খোঁজ পায়নি।



