নিজস্ব প্রতিনিধি, তমলুক: গ্রেপ্তার হতেই নন্দকুমারের বিজেপি নেতা অভিজিৎ করণের বিরুদ্ধে তোলাবাজি নিয়ে পর পর অভিযোগ আসছে। আগামী কয়েকদিনে আরও কয়েকটি মামলা দায়ের হতে চলেছে। নন্দকুমার থানা সূত্রে এমনটাই জানা গিয়েছে। দু’দিনের পুলিশ হেপাজত শেষে মঙ্গলবার ওই নেতাকে পূর্ব মেদিনীপুর সিজেএম কোর্টে পেশ করা হয়। এদিন আদালতে এসেছিলেন নন্দকুমার থানার ওসি দিলীপকুমার গুপ্তা। ধৃত নেতাকে ১০দিনের পুলিশ হেপাজতের জন্য আবেদন জানায় পুলিশ। বিচারক তার আট দিনের পুলিশ হেপাজত মঞ্জুর করেছেন। ধৃতকে জেরা করে বিপুল পরিমান তোলাবাজির পর্দা ফাঁস করতে চাইছে পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে শুধু নন্দকুমার নয়, সমগ্র পূর্ব মেদিনীপুর জেলায় হইচই শুরু হয়েছে। দুর্নীতির অভিযোগ থাকা নেতা-কর্মীদের নিয়ে বিজেপি নেতারা প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করছেন। জেলা সহ সভপতি প্রলয় পালের পোস্ট, ‘চোরেরা কনভার্ট হচ্ছে জয়বাংলা থেক জয় শ্রীরামে। দ্রুত দলে এসআইআর প্রয়োজন!’
ভোটের আগে বিজেপি নেতাদের বিধানসভায় প্রার্থী করে দেওয়ার নামে ধাপ্পা দিয়ে অভিজিৎ করণ লক্ষ লক্ষ কামিয়েছেন বলে অভিযোগ। দিল্লির নেতাদের সঙ্গে ঘনিষ্ঠতার কথা বলে ধৃত ওই নেতা নন্দকুমারে এরকম দু’লক্ষ নেতার কাছ থেকে যথাক্রমে ১২ লক্ষ ও ছয় লক্ষ টাকা হাতিয়েছেন। নেতারা লোকলজ্জার ভয়ে চুপ ছিলেন। কিন্তু, পালাবদলের পর তাঁর আসল চেহারা দ্রুত বেরিয়ে আসে। সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ পরিচয় দিয়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে মেশিনের মতো টাকা তুলেছেন বলে অভিযোগ। পান ব্যবসা করার সুবাদে রাজ্যের নানাপ্রান্তে তার যোগাযোগ ছিল। সেই সুবিধাকে কাজে লাগিয়ে দু’হাতে টাকা তোলার অভিযোগ ওঠে। আর, সেই ঘটনার কথা সরাসরি মুখ্যমন্ত্রীর কানে আসার পরই তাকে হ্যান্ডকাফ পরানোর প্রস্তুতি শুরু হয়।
নন্দকুমার পঞ্চায়েত সমিতির সদস্য রিপুঞ্জয় প্রামাণিককে বিধানসভা ভোটে প্রার্থী করানোর টোপ দিয়ে ১২লক্ষ টাকা হাতানোর অভিযোগে থানায় এফআইআর হয়। রিপুঞ্জয়বাবুর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এরপর দু’দিন ধৃত নেতা থানা লকআপে ছিল। এই ৪৮ঘণ্টায় তার বিরুদ্ধে অনেকেই অভিযোগ নিয়ে হাজির হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরও বেশ কয়েকটি কেস দায়ের হতে চলেছে। আপাতত আট দিনের হেপাজতে তার তোলাবাজির ফাইল খোলা হবে। এই কাজে প্রভাবশালীদের নাম কেন নিয়েছিল সেটাও জানতে চাওয়া হবে।
১৫নভেম্বর হেপাজতে নেওয়ার প্রথম দিন ধৃত ওই বিজেপি নেতা সদর্পে তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছিল। তবে, থানায় টানা জেরা করার পর সেই মেজাজ উধাও। মঙ্গলবার তাকে আদালতে তোলা সময় প্রশ্ন করা হলে কোনও জবাব দেয়নি। তার মাধ্যমে অপরাধের কিছু তথ্য ইতিমধ্যে পুলিশের হাতে এসেছে। সেসব ধরে জেরা করা হচ্ছে। আগামী আটদিন অভিজিৎ করণের পাহাড়প্রমাণ তোলাবাজির অভিযোগের রহস্য উদ্ঘাটন করে কোর্টে রিপোর্ট পেশ করতে চায় পুলিশ।



