শ্লীলতাহানির অভিযোগ ঘিরে ধুন্ধুমার, থানায় পুলিশকে মার
  • ১১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শ্লীলতাহানির ঘটনায় আটক ব্যক্তি নির্দোষ। এই অভিযোগকে সামনে রেখে নিউ আলিপুর থানায় ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে এলাকার বাসিন্দাদের বিরুদ্ধে। থানা চত্বরে লাঠি, বাঁশ হাতে ঢুকে পড়ে ৫০-৬০ উত্তেজিত জনতা। কর্তব্যরত পুলিশ কর্মীদের থানার মধ্যেই তারা লাঠি দিয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। সোমবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে। এতে সাব ইনস্পেক্টর রাহুল অধিকারী সহ চার পুলিশ কর্মী মারাত্মকভাবে আহত হন। বাঙ্গুর হাসপাতালে চিকিৎসার পর তাঁদের ছাড়া হয়। শ্লীলতাহানি ও পুলিশকে মারধর সহ দুটি আলাদা আলাদা কেস রুজু করেছে নিউ আলিপুর থানা। দুটি ঘটনায় এক আইনজীবী সহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার আলিপুর আদালত  মারধরের ঘটনায় অভিযুক্ত  আইনজীবী সৌরভ মল্লিকের জামিন মঞ্জুর করেছে। 

Advertisement

ঘটনার সূত্রপাত সোমবার রাত ১২.৪০  নাগাদ। এক তরুণী বোনকে নিয়ে ঠাকুর দেখে ফিরছিলেন চেতলা থেকে। তাঁর দাবি অনেকক্ষণ ধরে দুজনকে অনুসরণ করছিল তিন যুবক। উত্যক্ত করার মাত্রা বাড়তে থাকায় ওই তরুণী দুর্গাপুর ব্রিজের কাছে এসে তাঁর দাদাকে ফোন করে বিষয়টি জানান। তিনি সঙ্গে সঙ্গেই চলে আসেন ওই জায়গায়। এরমধ্যে তরুণীর পাড়ার লোকজন সেখানে চলে আসেন। একজন আটক করা হয়। দুজন পালায়। খবর পেয়ে আসে নিউ আলিপুর থানা। তারা দেখে দুর্গাপুর ব্রিজের উপর ৫০-৬০ জন ব্যক্তি জড়ো হয়েছে। কেন এই ধরনের ঘটনা ঘটল, এই নিয়ে পুলিশের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে। হঠাৎই বিক্ষোভকারীদের মধ্যে থেকে স্বরূপ দাস নামে একজনকে আটক করে পুলিশ গাড়িতে তোলে। সঙ্গে তোলা হয় জনতার হাতে আটক জয় কুমার কামাথ নামে ব্যক্তিকেও।  এলাকাবাসী দাবি করে, স্বরূপ শ্লীলতাহানিতে জড়িত নয়। তাহলে কেন তাকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে? পুলিশ অভিযোগকারিনীকে লিখিত অভিযোগ দিতে থানায় আসতে বলে। এরপরই ৫০-৬০ জন উত্তেজিত জনতা গাড়ির পিছু পিছু থানায় চলে আসে। এরমাঝে স্বরূপ এক আইনজীবীকে ফোন করে জানান, নির্দোষ হওয়া সত্ত্বেও তাঁকে থানায় নিয়ে যাওয়া হচ্ছে। আইনজীবী সৌরভ মল্লিকও থানায় চলে আসেন। তুমুল বিক্ষোভ শুরু হয়। মারমুখী জনতাকে শান্ত করার চেষ্টা করেন পুলিশ কর্মীরা। থানা থেকে বের করে দেওয়ার চেষ্টা করা মাত্রই উত্তেজিত জনতা কর্তব্যরত পুলিশ কর্মীদের উপর হামলা চালায়। ব্যাপক মারধর করা হয়। জখম হন এই মামলার আইও রাহুল অধিকারী, কনস্টেবল সুমন্ত দাস, পুলিশ ড্রাইভার প্রসেনজিৎ রায় এবং সিভিক ভলান্টিয়ার শুভাশিস দত্ত। অভিযোগ, এই সময় আইনজীবী সৌরভবাবু  মক্কেলের সঙ্গে কথা বলতে থানার ভিতরে যেতে চাইলে ঢুকতে বাঁধা দেওয়া হয়। এমনকি থানার এক অফিসার এসে তাঁকে ঘাড় ধরে মারতে মারতে থানার ভিতর নিয়ে যায় বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বলপ্রয়োগ করে সরিয়ে দেয় সকলকে। এরপর পুলিশকে মারধরের অভিযোগে আইনজীবী সৌরভ মল্লিক, স্বরূপ দাস, সায়ন্তন সোম ও রাকেশ পাণ্ডেকে গ্রেপ্তার করে থানা। শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার হয় জয় কুমার কামারকে। মঙ্গলবার জয়কে পুলিশ হেপাজতে পাঠায় আদালত। আইনজীবী সৌরভ মল্লিকের হয়ে সওয়াল করেন আলিপুর আদালতের সমস্ত আইনজীবী। কেন পুলিশ সৌরভবাবুকে গ্রেপ্তার ও মারধর করল তার ব্যাখ্যা চান তাঁরা। পাশাপাশি অভিযুক্ত অফিসারের শাস্তির দাবি করেন। সৌরভের সতীর্থদের দাবি ছিল, নিউ আলিপুর থানা নয়, তৃতীয় কোনো পক্ষের তত্ত্বাবধানে মেডিকেল পরীক্ষা করাতে হবে। রাত ৯টা পর্যন্ত সেই পরীক্ষা সম্পন্ন হয়নি। সরকারি আইনজীবী সাজ্জাদ আলি খান বলেন, ঘটনার তদন্ত চলছে।- নিজস্ব চিত্র