Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

ধাপায় পুরসভার গ্যারাজে লুটের চেষ্টায় পুলিসের জালে ৪ দুষ্কৃতী

ধাপায় কলকাতা পুরসভার নতুন গ্যারাজে লুটের চেষ্টায় চারজনকে গ্রেপ্তার করল প্রগতি ময়দান থানার পুলিস। অভিযুক্তরা হলেন বিশু ঘোষ, বিকি ঈশ্বর, রবি রায় ওরফে দেবা ও কৃষ্ণ অধিকারী।

ধাপায় পুরসভার গ্যারাজে লুটের চেষ্টায় পুলিসের জালে ৪ দুষ্কৃতী
  • ২১ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধাপায় কলকাতা পুরসভার নতুন গ্যারাজে লুটের চেষ্টায় চারজনকে গ্রেপ্তার করল প্রগতি ময়দান থানার পুলিস। অভিযুক্তরা হলেন বিশু ঘোষ, বিকি ঈশ্বর, রবি রায় ওরফে দেবা ও কৃষ্ণ অধিকারী। তাঁরা প্রত্যেকেই স্থানীয় রাজারঘাট নতুনপাড়ার বাসিন্দা। এদিকে, এই ঘটনার পর ধাপার গ্যারাজে পর্যাপ্ত সিসি ক্যামেরা বসানোর তোড়জোড় শুরু করেছে পুর কর্তৃপক্ষ।

Advertisement

শুক্রবার রাতে ধাপায় পুরসভার নতুন গ্যারাজে রাখা জিনিসপত্র লুটের চেষ্টা হয়। সেখানে দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মী লুট আটকানোর চেষ্টা করলে তাঁকে মারধর করা হয়। এমনকী তাঁর পিঠে ছুরি দিয়ে আঘাতও করা হয়েছে। ওই নিরাপত্তারক্ষীর মাথাতেও আঘাত লাগে। প্রায় জনা পঁচিশেক দুষ্কৃতী লুট করতে সেখানে ঢুকেছিল। তবে, ওই নিরাপত্তাকর্মীর চিৎকারে অন্যরা ছুটে আসেন। ফলে লুট করতে না পেরেই পালিয়ে যায় দুষ্কৃতীরা।
এই ঘটনায় চিন্তায় পুর-কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে কলকাতা পুরসভার জঞ্জাল সাফাই ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের এক কর্তা বলেন, অনেক পুরনো গাড়ি ওখানে রাখা আছে। প্রচুর দামি লোহার স্ক্র্যাপও রয়েছে। সেগুলি নিলামে তোলার কথা। কিন্তু এমন ঘটনা আবারও ঘটতে পারে। এদিকে, ওখানে পর্যাপ্ত সিসি ক্যামেরা নেই। শুধু বাইরের দিকে কয়েকটি রয়েছে। এবার গোটা গ্যারাজটাই সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হবে। কটা ক্যামেরা বসাতে হবে, কত খরচ হতে পারে, তার হিসেব করা হচ্ছে।
উল্লেখ্য, ধাপায় এর আগেও ছোটখাট চুরির ঘটনা ঘটেছে। সেখানকার আশপাশের বাসিন্দারা ময়লার ঢিপি থেকে অনেক সময় জিনিসপত্র নিয়ে যান বলে অভিযোগ। তাঁদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের ছোটখাট ঝামেলাও বাধে। তবে, এভাবে গ্যারাজের ভিতরে থাকা জিনিসপত্র লুট করতে ‘গ্যাং’ ধাপায় ঢুকেছে, এমন ঘটনা প্রায় নজিরবিহীন।

Advertisement
সম্পর্কিত সংবাদ