Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুর্ঘটনা রুখতে পরামর্শ চেয়ে বাস চালকদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করল পুলিস

পথ দুর্ঘটনা নিয়ে দিনের পর দিন উদ্বেগ বাড়ছে। আরামবাগ মহকুমায় প্রায় দিনই দুর্ঘটনায় ঘটছে।

দুর্ঘটনা রুখতে পরামর্শ চেয়ে বাস চালকদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করল পুলিস
  • ২৫ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: পথ দুর্ঘটনা নিয়ে দিনের পর দিন উদ্বেগ বাড়ছে। আরামবাগ মহকুমায় প্রায় দিনই দুর্ঘটনায় ঘটছে। তাই এবার দুর্ঘটনা রোধে চালকদের থেকেও নানা পরামর্শ নিতে চায় পুলিস। সেইজন্য বাস চালক, কর্মীদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্ৰুপ চালু করেছে পুলিস। সোমবার গোঘাট থানার পুলিস বাসচালক ও কর্মীদের নিয়ে সচেতনতামূলক বৈঠক করে। তাতে ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী, গোঘাটের ওসি মধুসূদন পাল সহ অন্যান্য আধিকারিকরা। বৈঠক শেষে বাসের চালকদের নিয়ে একটি হোয়াটস অ্যাপ গ্ৰুপ চালু করেছে পুলিস।

Advertisement

আরামবাগের এসডিপিও বলেন, কোনও চালকই ইচ্ছে করে দুর্ঘটনা চান না। কিন্তু কোনও কারণে তা হয়ে যায়। দিনের বিভিন্ন সময় বাসের চালকরা সবচেয়ে বেশি রাস্তা ব্যবহার করেন। তাই তাঁদের নিয়ে এদিন বৈঠক করা হয়েছে। হোয়াটস অ্যাপ গ্ৰুপ খোলা হয়েছে। তাতে তাঁরা বিভিন্ন মুহূর্তে দুর্ঘটনা রুখতে আমাদের প্রয়োজনীয় বিষয় জানাতে পারবেন। রাস্তায় কী ধরণের সমস্যা রয়েছে, তার সমাধান সম্পর্কে তাঁরা পরামর্শ দেবেন। আমাদের তরফেও দরকারি নির্দেশ দেওয়া সম্ভব হবে। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, আরামবাগ থেকে গোঘাট থানা এলাকার উপর দিয়ে দুটি গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক গিয়েছে। একদিকে কোতুলপুর হয়ে বাঁকুড়া যাওয়া যায়। অন্যদিকে, কামারপুকুর, হাজিপুর হয়ে মেদিনীপুর যাওয়ার রাজ্য সড়ক রয়েছে। উভয় সড়কেই নিত্যদিন বহু বাস সহ অন্যান্য যান চলাচল করে। দুটি রাস্তায় মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটছে। তাই বাস চালকদের নিয়ে এদিন বৈঠক করেন পুলিস কর্তারা। পুলিস চালক ও মালিকদের জানায়, বাসগুলির যন্ত্রাংশ যেন ঠিকঠাক থাকে। অন্যদিকে, রবিবার পুরশুড়া থানার পুলিস পুলকার চালকদের নিয়েও বৈঠক করে। পুলিস জানিয়েছে, পুলকারে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে যাতায়াত করা হয়। তাই সেক্ষেত্রে চালকদের দায়িত্ব ও যত্নশীল হওয়ার পরামর্শ দেয় পুলিস। এরজন্য পুলকারগুলির যন্ত্রাংশ ঠিকঠাক রাখতে নির্দেশ দে পুলিস। এমনকি, অনেক সময় ট্রাফিক নিয়ম না মানার অভিযোগও ওঠে চালকদের বিরুদ্ধে। সেই ব্যাপারেও পুলিস কর্তারা তাঁদের সচেতন করেন। চালকরা যাতে মদ্যপ অবস্থায় বা মানসিক চাপ নিয়ে যেন গাড়ি না চালান তার পরামর্শও দিয়েছে পুলিস। 
পুলিসের আধিকারিকরা বলেন, অসচেতনতা, ট্রাফিক নিয়ম না মানা, দৃশ্যমানতা প্রভৃতি নানা কারণে রাস্তায় দুর্ঘটনা ঘটে। আরামবাগ মহকুমায় বিভিন্ন দুর্ঘটনায় এই ধরণের ঘটনাগুলি সামনে এসেছে। তাই এই বিষয়গুলি এড়াতে পুলিস চালকদের সজাগ থাকতে নির্দেশ দিয়েছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ