সংবাদদাতা, বোলপুর: বড়সড় ডাকাতির পরিকল্পনা বানচাল করল কীর্ণাহার থানার পুলিস। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে দাসকল গ্রাম সংলগ্ন কীর্ণাহার-ফুটিসাঁকো রোডে অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচজনকে হাতেনাতে পাকড়াও করা হয়েছে। বাজেয়াপ্ত হয় অস্ত্র।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, রাত দু’টো নাগাদ এই অভিযান চলে। পুলিসের উপস্থিতি টের পেয়ে ডাকাতির জন্য জড়ো হওয়া কয়েকজন পালিয়ে গেলেও ধরা পড়ে যায় পাঁচ জন। ধৃতদের নাম শেখ কাঞ্চন (২৪), রাহুল শেখ, করণ বেদ, সূর্য বেদ এবং গোপীচাঁদ বেদ। এর মধ্যে কাঞ্চন ও রাহুলের বাড়ি লাভপুরে বলে জানা গিয়েছে। ডাকাত দলের বড় কোনও পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ধৃতদের জেরা করে পুলিস জানতে পেরেছে, দলটিতে কমপক্ষে ১০ থেকে ১১ জন ছিল। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। আজ, বুধবার ধৃত পাঁচজনকে বোলপুর মহকুমা আদালতে তোলা হবে।