Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

পুলিসের তোলাবাজি, মহিলার রণংদেহী মেজাজে পায়ে ধরে ক্ষমাপ্রার্থনা

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পণ্যবাহী ট্রাক থেকে বরানগর থানার পুলিস তোলাবাজি চালাচ্ছিল বলে অভিযোগ। অন্যায়ভাবে টাকা তোলার বিরুদ্ধে রুখে দাঁড়ান এক মহিলা সমাজকর্মী

পুলিসের তোলাবাজি, মহিলার রণংদেহী মেজাজে পায়ে ধরে ক্ষমাপ্রার্থনা
  • ২০ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বরানগর: বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পণ্যবাহী ট্রাক থেকে বরানগর থানার পুলিস তোলাবাজি চালাচ্ছিল বলে অভিযোগ। অন্যায়ভাবে টাকা তোলার বিরুদ্ধে রুখে দাঁড়ান এক মহিলা সমাজকর্মী। গোটা ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় পুলিস থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোড়ন পড়ে যায়। ভাইরাল ভিডিওয় দেখা যায়, মহিলার তীব্র প্রতিবাদের মুখে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার রীতিমতো কুঁকড়ে গিয়েছেন। ভয়ে তিনি কান্নাকাটি শুরু করে দেন। এমনকী, কান ধরে এবং প্রতিবাদীর পায়ে ধরে ক্ষমা চাইতে দেখা যায় তাঁকে। সিভিক ভলান্টিয়ার যখন এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়া লরি থেকে তোলা আদায় করছিলেন, তখন পাশেই পুলিসের গাড়িতে বসেছিলেন বরানগর থানার এক এএসআই। একসময় তিনিও গাড়ি থেকে নেমে হাতজোড় করে ক্ষমা চান। বারাকপুরের পুলিস কমিশনার অজয় ঠাকুর বলেন, ‘এই ঘটনার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। ওই এএসআই এবং সিভিক ভলান্টিয়ারকে ক্লোজ করা হয়েছে।’ 

Advertisement

সোমবার দুপুর সাড়ে ১২টা নাগাদ বাগুইআটির বাসিন্দা  প্রিয়াঙ্কা মিত্র ওরফে পিঙ্কু অফিসের এক কর্মীকে নিয়ে এয়ারপোর্টের দিক থেকে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিলেন। ডানলপে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উপর বরানগর থানার একটি গাড়ি লরি থেকে টাকা তুলছিল বলে অভিযোগ। জুলুম থেকে বাঁচতে অনেক লরি ওই অংশে গতি অনেকটা বাড়িয়ে চলে যাচ্ছিল। সেই পরিস্থিতিতে পিঙ্কুদেবীর গাড়ি একটি লরির সঙ্গে ধাক্কা থেকে অল্পের জন্য রক্ষা পায়। ওই সিভিক ভলান্টিয়ারও একটি লরির চাকার পিষ্ট হতে হতে অল্পের জন্য প্রাণে বাঁচেন। ক্ষুব্ধ পিঙ্কুদেবী গাড়ি থামিয়ে সেখানেই নেমে পড়েন। সিভিক এবং গাড়িতে বসে থাকা এএসআইকে রীতিমতো চেপে ধরেন তিনি। রণংদেহী মেজাজের সামনে সিভিক ভলান্টিয়ার কান্নাকাটি শুরু করে দেন। গাড়িতে বসে থাকা এএসআইকে পিঙ্কুদেবী তোলাবাজির সব টাকা পকেট থেকে বার করতে বলেন। বেগতিক বুঝে ওই এএসআই গাড়ি থেকে নেমে হাতজোড় করে ক্ষমা চান। দেখতে দেখতে পথচারী ও গাড়ির সওয়ারিদের ভিড় জমে যায়। তাঁদের মধ্যে অনেকে ঘটনার ভিডিও তুলে সমাজমাধ্যমে পোস্ট করেন। কয়েক ঘণ্টায় তা দেখে ফেলে লক্ষ লক্ষ মানুষ। পুলিসের বিরুদ্ধে মন্তব্যের বন্যা বয়ে যায় পোস্টগুলিতে। পিঙ্কুদেবী বলেন, ‘ওই সিভিকের কোনও দোষ ছিল না। তিনি নির্দেশ পালন করছিলেন।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ