Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গত ৬ মাসে মুর্শিদাবাদ থেকে কয়েকশো কোটি টাকার মাদক উদ্ধার, উদ্বেগে পুলিস

গত ছ’ মাসে মুর্শিদাবাদ জেলায় কয়েকশো কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। মাদক বিরোধী দিবসে সামনে এসেছে সেই পরিসংখ্যান

গত ৬ মাসে মুর্শিদাবাদ থেকে কয়েকশো কোটি টাকার মাদক উদ্ধার, উদ্বেগে পুলিস
  • ৩ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: গত ছ’ মাসে মুর্শিদাবাদ জেলায় কয়েকশো কোটি টাকার মাদক উদ্ধার হয়েছে। মাদক বিরোধী দিবসে সামনে এসেছে সেই পরিসংখ্যান। বৃহস্পতিবার বিভিন্ন থানা এবং পুলিস জেলার তরফে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপন করা হয়। সেখানে এই পরিসংখ্যান তুলে ধরা হয়েছে জেলা পুলিসের তরফ থেকে। 

Advertisement

জানা গিয়েছে, গত ছ’ মাসে মোট ৬৪টি মামলা রুজু হয়েছে এবং ১০৩ মাদক কারবারি গ্রেপ্তার হয়েছে। মোট ৬ কেজি ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার হয়েছে। ১৫৮১ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। বাংলাদেশে নিষিদ্ধ কাশির সিরাপের ব্যাপক চাহিদা রয়েছে। অধিকাংশ কাশির সিরাপ পাচার হয় মুর্শিদাবাদ থেকেই। গত ছ’ মাসে বিভিন্ন সীমান্তবর্তী থানা এলাকায় অভিযান চালিয়ে ৩১ হাজারের বেশি কাশির সিরাপের বোতল উদ্ধার করেছে পুলিস। 
বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উপলক্ষ্যে জেলা পুলিস একটি অনুষ্ঠানের আয়োজন করে। বহরমপুরের এসপি অফিসে অনুষ্ঠানে হাজির ছিলেন পুলিস সুপার কুমার সানি রাজ, অতিরিক্ত পুলিস সুপার (সদর) মজিদ ইকবাল খান, অতিরিক্ত পুলিস সুপার (লালবাগ) রাসপ্রীত সিং সহ অন্যান্য আধিকারিকরা। পুলিস সুপার বলেন, মুর্শিদাবাদ জেলা পুলিস লাগাতার মাদক উদ্ধার করছে। এটা আমরা ধারাবাহিকভাবে চালিয়ে যাব। আজকে যেহেতু মাদক বিরোধী দিবস, তাই এই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। হেরোইন, গাঁজা, চরস এসব ব্যবহার করলে কী ক্ষতি হতে পারে, তা নিয়ে সচেতনতার ভিডিও তৈরি করা হয়েছে। সেটা এখানে দেখানো হল এবং মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
এদিন বহরমপুর থানার পুলিস অভিযান চালিয়ে ফতেপুর মোড় নতুন বাইপাস থেকে এক কুইন্টালের বেশি গাঁজা উদ্ধার করে। একটি মালবাহী গাড়ির ভিতরে বসার সিটের আদলে অভিনব প্যাকিং করে গাঁজা পাচার করা হচ্ছিল। পুলিস ভরদুপুরে সেখানে অপেক্ষা করতে থাকে। উত্তরবঙ্গের দিক থেকে ওই মালবাহী গাড়িটি নদীয়ার দিকে যাওয়ার পথেই আটক করে তল্লাশি শুরু হয়। পুলিস গাড়ির চালক সহ চারজনকে গ্রেপ্তার করেছে। বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, গাড়ি থেকে ১১০ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ধৃতকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা হেফাজতে নেব। তাকে শুক্রবার মুর্শিদাবাদ জেলা আদালতে তোলা হবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ