Bartaman Logo
২০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

অবৈধ বাংলাদেশি চিহ্নিত করতে ওসিদের সক্রিয় হওয়ার নির্দেশ, মাসিক ক্রাইম কনফারেন্স পুলিশ কমিশনারের

এবার অবৈধ বাংলাদেশি চিহ্নিত করতে সব থানার ওসিকে সক্রিয় হতে নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দা।

অবৈধ বাংলাদেশি চিহ্নিত করতে ওসিদের সক্রিয় হওয়ার নির্দেশ, মাসিক ক্রাইম কনফারেন্স পুলিশ কমিশনারের
  • ২০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার অবৈধ বাংলাদেশি চিহ্নিত করতে সব থানার ওসিকে সক্রিয় হতে নির্দেশ দিলেন কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দা। শনিবার সকালে আলিপুর বডিগার্ড লাইন্সে কলকাতা পুলিশের প্রায় দুই ঘণ্টার মাসিক ক্রাইম কনফারেন্সে এই নির্দেশ দিয়েছেন সিপি।  উল্লেখ্য, ভিসা নিয়ে এরাজ্যে আসা বাংলাদেশিদের একাংশ তাদের দেশে ফিরে গিয়েছেন কি না, তা এখনও কলকাতা পুলিসের কাছে স্পস্ট নয়। অবৈধভাবে কলকাতায় থেকে যাওয়া বাংলাদেশিদের চিহ্নিত করতে নির্দেশ দিয়েছেন সিপি। অবৈধ বাংলাদেশি চিহ্নিত হলে, তাদের প্রথমে হোল্ডিং সেন্টারে পাঠাতে হবে। তাকে যাতে আগামীতে পুশব্যাক করে বাংলাদেশে ফেরত পাঠানো যায়।

Advertisement

পাশাপাশি, এদিনের  বৈঠকে সিপি জানিয়েছেন, পুজোর আগে সম্ভব না হলে, পুজোর পরেই কলকাতা পুলিশের সব ডিভিশনে সাইবার থানা কাজ শুরু করবে। এরজন্য সিপি ডিসিদের জায়গা চিহ্নিত করতে বলেছেন। কলকাতার সব ডিভিশনে এই থানা চালু হলে,  সাইবার ক্রাইমের শিকার হওয়া সাধারণ মানুষকে প্রতিকারের জন্য আর কথায় কথায় লালবাজারে ছুটে যেতে হবে না। প্রসঙ্গত, গত আগস্ট মাসে কলকাতা পুলিশ এলাকায় সাইবার জালিয়াতদের খপ্পরে পড়ে সাধারণ মানুষ খুইয়েছেন ৯.৮১ কোটি টাকা। মোট ১৯১টি অভিযোগ সামনে আসে। এফআইআর হয় ২০টি। তদন্তে নেমে উদ্ধার করা সম্ভব হয়েছে মাত্র ৬১.৮১ লাখ টাকা।  
অন্যদিকে, কলকাতায় ক্রমবর্ধমান নিখোঁজ মামলা নিয়ে এদিনের বৈঠকে সিপি ওসিদের বাড়তি গুরুত্ব দিতে বলেছেন। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশে, এখন নিখোঁজের অভিযোগ দায়ের হলেই, এফআইআর দায়ের করে তদন্ত শুরু করতে হচ্ছে থানাকে। ফলে মামলার পাহাড় জমছে থানাগুলিতে।  দারোগার অভাবে যা মড়ার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে ওসিদের কাছে। এদিকে, বৈঠকে কলকাতার সমস্ত ডিভিশনের ডিসিকে নতুন দুর্গাপুজো কমিটির নামের তালিকা আজ, রবিবার রাতের মধ্যে পাঠাতে নির্দেশ দিয়েছেন সিপি।

Advertisement
সম্পর্কিত সংবাদ