Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বনগাঁয় চালু হল পুলিশ বন্ধু অ্যাপ

আগেই ইমেল মারফত থানায় অভিযোগ জানানোর ব্যবস্থা চালু হয়েছে

বনগাঁয় চালু হল পুলিশ বন্ধু অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বনগাঁ: আগেই ইমেল মারফত থানায় অভিযোগ জানানোর ব্যবস্থা চালু হয়েছে। এবার মামলা সম্পর্কে তথ্য জানতে চালু হল পুলিশ বন্ধু অ্যাপ। ঘরে বসেই কোনও ব্যক্তি তাঁর দায়ের করা অভিযোগের তথ্য পাবেন হাতের মুঠোয়। মামলা সম্পর্কে জানতে পারবেন নতুন তথ্য। ওই কেসে কতজন অভিযুক্ত গ্রেপ্তার হল, কিংবা তদন্ত কোন পর্যায়ে আছে, সে সম্পর্কে এক ক্লিকেই অনায়াসে জানতে পারবেন অভিযোগকারী। এমনকি কেস সম্পর্কে তদন্তকারী পুলিশ আধিকারিক কিংবা পুলিশের ঊর্ধ্বতন অফিসারের সঙ্গে ভিডিও কলে কথা বলা যাবে এই পুলিশ বন্ধু অ্যাপের মাধ্যমে। শনিবার বনগাঁ থানায় এই অ্যাপের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার দীনেশ কুমার। এদিন কয়েকজন অভিযোগকারী এই অ্যাপের মাধ্যমে তাঁদের মামলা সম্পর্কে জানতে পারেন। পুলিশের উদ্যোগে খুশি সাধারণ মানুষ। বনগাঁর পুলিশ সুপার দীনেশ কুমার বলেন, প্রথমে বনগাঁ থানায় এই অ্যাপ চালু হল। আগামীতে জেলার প্রতিটি থানায় এই সুবিধা মিলবে। জানা গিয়েছে প্রতিটি থানার সামনে কিয়স্কে একটি ট্যাব থাকবে। অভিযোগকারীরা সেখানে এসে সেই ট্যাবের মাধ্যমে পুলিশ বন্ধু অ্যাপ থেকে তাদের কেসের সম্পর্কে জানতে পারবেন। রেজিস্টার্ড মোবাইল নম্বর টাইপ করলে একটি ওটিপি যাবে মোবাইল। সেটি দিলেই কেস নম্বর ভেসে উঠবে স্ক্রিনে। নিজের কেস নম্বর দিলেই জানা যাবে তথ্য। পুলিশের দাবি, অনেকসময় সাধারণ মানুষকে থানায় আসতে অসুবিধায় পড়তে হয়। খরচ করে আসতে হয়। পুলিশের ক্ষেত্রেও নানা সমস্যা হতো যোগাযোগ করতে। এবার সেই সমস্যা মিটবে।  নিজস্ব চিত্র

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ