সংবাদদাতা, কাটোয়া: গত কয়েকবছর ধরেই জৌলুস বেড়েছে কাটোয়ার ঐতিহ্যবাহী কার্তিক লড়াইয়ের। লক্ষাধিক টাকার থিম, ‘থাকা’ কার্তিক, আন্তর্জাতিক বাজনা সব মিলে দেব সেনাপতির উৎসব জমজমাট। গত বছরে শহরে লক্ষাধিক জনসমাগম হয়েছিল। এবার দুর্গাপুজোয় কলকাতার চোরবাগানে মর্মান্তিক দুর্ঘটনার পর কাটোয়ার কার্তিক লড়াইয়ের শোভাযাত্রায় ড্রোন দিয়ে নজরদারি চালাবে পুলিশ। মঙ্গলবার সমস্ত পুলিশ অফিসারদের ডেকে ব্রিফিং করেন এসডিপিও কাশীনাথ মিস্ত্রি।
৪.৩ কিমি দীর্ঘ রুটে শোভাযাত্রা চলাকালীন বিশৃঙ্খলা ঠেকাতে দেড়হাজার পুলিশ মোতায়েন থাকছে। এবারও বেশ কিছু নিয়মকানুন থাকছে পুজোয়। শোভাযাত্রায় গেটের উচ্চতা ১২ ফুট আর চওড়া ৮ ফুট এর মধ্যে রাখতে হবে। পুজো কমিটিগুলিকে নির্দিষ্ট সময়ের মধ্যে শোভাযাত্রা বের করতে হবে। শোভাযাত্রার সময় কাটোয়া শহরে প্রচুর ভিড় হয়। সবাই যাতে শোভাযাত্রা দেখতে পান তার জন্য কাটোয়া শহরের কাছারি রোডে জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে প্রশাসনের পক্ষে। এবারও ৮৬ পুজো ছাড়াও নতুন বেশ কয়েকটি পুজো কমিটি শোভাযাত্রায় অংশ নেবে। তাছাড়া কাটোয়া শহরে পর্যাপ্ত সিসি ক্যামেরা থাকছে। সেগুলিতেও নজরদারি চালানো হবে। শোভাযাত্রার রুটের বিভিন্ন পয়েন্টে থাকছে দমকলের গাড়ি এবং মেডিক্যাল ক্যাম্প। এদিন জেলার পুলিশ সুপার লেনিন সরণি, সুবোধ স্মৃতি রোড হয়ে বারোয়ারি তলা, বড় বাজার এলাকায় রুট গুলি পরিদর্শন করেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এবারে শোভাযাত্রার জন্য দু’ জন অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার অফিসার থাকছেন। এছাড়াও ডিএসপি ৬ জন, ইনস্পেক্টর পদমর্যাদার অফিসার রয়েছেন ১৪ জন। তাছাড়া সাব-ইনস্পেক্টর ও অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর রয়েছেন ১২৫ জন, মহিলা পুলিশ কর্মী রয়েছেন ৫৫ জন, কনস্টেবল ৩০০ জন। পাশাপাশি সিভিক ভলান্টিয়ার ও ভিলেজ পুলিশ ৬৩০ জন। এছাড়াও এবারে শোভাযাত্রায় বিশেষ ‘পুশিং পার্টি’ রয়েছেন বলে জানান কাটোয়া থানার আইসি সঞ্চয়ন বন্দ্যোপাধ্যায়। গত কয়েক বছর ধরে পুশিং পার্টি শোভাযাত্রাতে দেখা যেত না। অফিসার সহ পুলিশ কর্মীদের নিয়ে পুশিং পার্টি তৈরি হয়। তাঁরা শোভাযাত্রায় অংশ নেওয়া প্রতিটি পুজো কমিটিকে সুষ্ঠুভাবে পরিক্রমা করার জন্য সাহায্য করেন। স্থানীয় বাসিন্দারা বলছেন, গত কয়েক বছর ধরে প্রভাবশালীদের দৌলতে পুশিং পার্টি তৈরি করত না পুলিশ। ফলে যে যার মতো শোভাযাত্রার রুটে পরিক্রমা করত। তাতে পরের দিন সকাল হয়ে যেত ঘুরতে। এবারে সেটা আর হবে না। এছাড়াও বিশেষ গার্ড রেল তৈরি করা হয়েছে শহরে। ইমার্জেন্সি রুট তৈরি করা হয়েছে শহরের রাস্তায়। যাতে কেউ অসুস্থ হলে তাকে তড়িঘড়ি হাসপাতাল নিয়ে যাওয়া যায়। এছাড়াও শোভাযাত্রায় নজরদারি চালাতে সাদা পোশাকের দক্ষ পুলিশ কর্মীরা থাকছেন।



