Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শ্রাবণ মাসের প্রথম সোমবার বক্রেশ্বরে পুণ্যার্থীদের ভিড়, সিসি ক্যামেরায় কড়া নজরদারি পুলিসের

শ্রাবণ মাসের প্রথম সোমবার বক্রেশ্বরে পুণ্যার্থীদের ভিড়, সিসি ক্যামেরায় কড়া নজরদারি পুলিসের
  • ২২ জুলাই, ২০২৫ ০৪:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: শ্রাবণ মাসের প্রথম সোমবার বক্রেশ্বর মন্দিরে ভক্তদের ভিড় উপচে পড়ল। ভিড় সামাল দিতে রবিবার মধ্যরাত থেকেই মন্দিরের গেট খুলে দেওয়া হয়। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ২টো নাগাদ ভক্তদের জন্য গেট খোলা হয়। সেইসময় থেকেই ভক্তরা শিবের মাথায় জল ঢালতে থাকেন। মন্দিরে লম্বা লাইন পড়ে যায়। রাজ্যের বিভিন্ন জেলা ছাড়াও বিহার, ঝাড়খণ্ড থেকে বহু পুণ্যার্থী মন্দিরে জল ঢালেন। মহিলাদের জন্য আলাদা লাইন করা হয়। দূরদূরান্ত থেকে আসা ভক্তদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মন্দির চত্বর সহ সংলগ্ন এলাকা সিসি ক্যামেরার নজরদারিতে মুড়ে ফেলা হয়েছে। এছাড়াও পকেটমারি থেকে শুরু করে ছিনতাই রুখতে জেলা পুলিসের তরফে কড়া নজরদারিও চালানো হচ্ছে। 

Advertisement

দুবরাজপুরের বিডিও রাজা আদক বলেন, জেলা পরিষদের তরফে মন্দির চত্বরজুড়ে একাধিক সিসি ক্যামেরা বসানো হয়েছে। সেইসঙ্গে ভক্তদের নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
শ্রাবণ মাসের প্রথম সোমবার জেলার বিভিন্ন মন্দিরে ভক্তরা ভিড় জমান। বক্রেশ্বর মন্দিরেও ভক্তদের ঢল নামে। এদিন প্রায় ৩০ হাজার পুণ্যার্থী মন্দিরে আসেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দ্বিতীয় সোমবার থেকে ভিড় আরও বাড়তে থাকবে বলে জানা গিয়েছে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, গতবছর প্রথমদিকে আনাগোনা কম থাকলেও শেষ সোমবার প্রায় ৯০হাজার ভক্ত এসেছিলেছিল। এবার লক্ষাধিক ভক্ত সমাগম হতে পারে বলে মনে করা হচ্ছে। বীরভূমের নানা প্রান্ত অন্যান্য জেলা এবং পড়শি রাজ্য থেকেও ভক্তরা মন্দিরে আসেন। পুণ্যার্থীদের নিরাপত্তায় রাস্তা থেকে শুরু করে মন্দির চত্বরে বিভিন্ন এলাকা সিসি ক্যামেরার নজরদারি থাকছে। প্রায় ২০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে।
মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, পাপহরা গঙ্গা দ্রুত সংস্কারের কাজ শেষ হয়ে যাবে। দ্বিতীয় সপ্তাহের সোমবার থেকেই পাপহরা গঙ্গায় স্নানের সুযোগ মিলবে। জোরকদমে কাজ চলছে। বক্রেশ্বর মন্দির সেবাইত কমিটির সভাপতি অলোক চৌধুরী বলেন, শ্রাবণ মাসের প্রথম সোমবার প্রায় ৩০ হাজার পুণ্যার্থী জল ঢেলেছেন। দূর-দূরান্ত থেকে আসা ভক্তরা যাতে কোনও সমস্যায় না পড়েন সেজন্য সবরকম প্রস্তুতি সেরে নেওয়া হয়েছিল। মন্দিরের ভিতরে পুরুষ ও মহিলাদের পৃথক লাইন করা হয়। বর্তমানে ঘাট সংস্কারের কাজ চলছে। দ্বিতীয় সোমবার থেকেই পাপহরা গঙ্গায় স্নানের সুযোগ মিলবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ