Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

পূর্ব মেদিনীপুরে এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে করতে প্রস্তুত পুলিস ও প্রশাসন

আজ, রবিবার এসএসসি-র পরীক্ষার ২৪ ঘণ্টা আগেই পূর্ব মেদিনীপুরের প্রত্যেক সেন্টারে টেন্ডেড অর্থাৎ দাগিদের রোল নম্বর পৌঁছে গিয়েছে।

পূর্ব মেদিনীপুরে এসএসসি পরীক্ষা নির্বিঘ্নে করতে প্রস্তুত পুলিস ও প্রশাসন
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: আজ, রবিবার এসএসসি-র পরীক্ষার ২৪ ঘণ্টা আগেই পূর্ব মেদিনীপুরের প্রত্যেক সেন্টারে টেন্ডেড অর্থাৎ দাগিদের রোল নম্বর পৌঁছে গিয়েছে। পরীক্ষা হলের ভিতর বেঞ্চে রোল নম্বর সাঁটানো হয়েছে। দাগিদের রোল নম্বরের উপর আলাদা রং দিয়ে মার্কিং করা হয়েছে। তাদের গেটেই আটকাতে হবে বলে প্রত্যেক ভেনু ইন-চার্জকে নির্দেশ পাঠিয়েছে এসএসসি। পরীক্ষা হলে ঢোকার জন্য অ্যাডমিট কার্ডে বেলা ১১টা থেকে উল্লেখ থাকলেও সেই সিদ্ধান্ত বদল করে সকাল ১০টা থেকে পরীক্ষা হলের ভিতর পরীক্ষার্থীরা ঢুকতে পারবেন। দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত পরীক্ষা হবে। আজ, পূর্ব মেদিনীপুরে মোট ৩৫টি পরীক্ষা কেন্দ্রে ২১ হাজার ২৫৫ জন পরীক্ষার্থী নবম ও দশম শ্রেণি স্কুলে সহশিক্ষক নিয়োগের পরীক্ষা দেবেন। প্রত্যেক সেন্টারের ১০০ মিটারের মধ্যে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা কার্যকর করবেন মহকুমা শাসকরা। ৩৫টি পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে পরীক্ষা আয়োজন ও যান চলাচল স্বাভাবিক রাখতে প্রায় ৮০০ পুলিস অফিসার-কর্মী ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন থাকবেন। পুলিস সুপার সৌম্যদীপ ভট্টাচার্য বলেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্রে এসকর্ট গাড়ির সঙ্গে দু’জন সশস্ত্র পুলিস কর্মী থাকবেন। দু’-তিনটি পরীক্ষা কেন্দ্র পিছু একজন সিনিয়র পুলিস অফিসারের নেতৃত্বে পুলিসের টিম থাকবে। কোথাও গণ্ডগোল হলে তারা দ্রুত সেখানে পৌঁছবে। মোট ৮০০ পুলিস অফিসার, কর্মী ও সিভিক ভলান্টিয়ার মোতায়েন থাকবে। তমলুক, পাঁশকুড়া, হলদিয়া, কাঁথি ও এগরায় মোট ৩৫টি জায়গায় এসএসসি পরীক্ষা হবে। তার আগে সব সেন্টারে দাগি শিক্ষক-শিক্ষিকাদের তালিকা পৌঁছে গিয়েছে। যেমন, তমলুক হ্যামিল্টন হাই স্কুলে ৭০০ পরীক্ষার্থী ছিলেন। কিন্তু, এখানে ১১ জন দাগি শিক্ষক আছেন বলে ভেনু ইন-চার্জের কাছে লিস্ট পাঠানো হয়েছে। তাদের পরীক্ষা কেন্দ্রের গেটে আটকানো হবে বলে প্রধান শিক্ষক তথা ভেনু-ইনচার্জ মধুসূদন জানা জানিয়েছেন। হলের ভিতর ওই ১১ জনের রোল নম্বরের উপর রং দিয়ে দাগিয়ে দেওয়া হয়েছে। মধুসূদনবাবু বলেন, মোট ৬৮৯ জন পরীক্ষা দেবেন। তমলুক শহরের সান্ত্বনাময়ী গার্লস হাইস্কুলে মোট ৪৫০ জনের পরীক্ষা দেওয়ার কথা। ওই সেন্টারে ন’জন দাগি শিক্ষক-শিক্ষিকার রোল নম্বরও সাঁটানো হয়েছে। যদিও তারা কেউ পরীক্ষায় বসতে পারবে না বলে প্রধান শিক্ষিকা তথা ভেনু ইন-চার্জ শর্মিষ্ঠা আদকের কাছে নির্দেশ পৌঁছেছে। এভাবেই জেলার ৩৫টি পরীক্ষা কেন্দ্রেই টেন্ডেড অর্থাৎ দাগি শিক্ষক শিক্ষিকাদের তালিকা পৌঁছে গিয়েছে। তারা পরীক্ষা কেন্দ্রে এলেও গেটে আটকে দেওয়ার নির্দেশ আছে। জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, আমাদের জেলায় তমলুক, পাঁশকুড়া, হলদিয়া, কাঁথি ও এগরা এলাকায় মোট ৩৫টি কেন্দ্রে পরীক্ষা হবে। নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মেডিক্যাল টিম থেকে বিদ্যুৎ পরিষেবা সহ সমস্ত ক্ষেত্রে প্রস্তুতি থাকছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ