বোলপুরে সোনাঝুরি হাটের  রাস্তা বেহাল, সংস্কারের দাবি
  • ১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বোলপুর: শান্তিনিকেতনের অন্যতম পর্যটনের আকর্ষণ সোনাঝুরি হাট। প্রতি সপ্তাহে এখানে কয়েক হাজার পর্যটকের সমাগম হয়। বিশেষ করে শনি ও রবিবার ভিড় থাকে চোখে পড়ার মতো। অথচ ওই হাটে যাতায়াতের অন্যতম প্রধান রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। কোথাও পিচ উঠে গিয়েছে, কোথাও তৈরি হয়েছে ছোটো-বড়ো গর্ত। ফলে প্রতিদিনই সমস্যায় পড়ছেন পর্যটক থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ীরা।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শ্যামবাটি ক্যানেল থেকে সিউড়ি-বোলপুর রাস্তার সংযোগস্থল পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার বেশিরভাগ অংশই বেহাল। দীর্ঘদিন রাস্তার সংস্কার হয়নি। রাজ্যে পালাবদলের পর বিজেপি সরকার গঠিত হয়েছে। পুজোর আগে রাজ্যের সমস্ত রাস্তা সংস্কারের কাজ শেষ করার কথা বলা হয়েছিল। কিন্তু, এখনো সোনাঝুরি হাটে যাওয়ার রাস্তার হাল ফেরেনি। 
জানা গিয়েছে, ওই রাস্তা সেচদপ্তরের অধীনে। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে দিন দিন তা আরও বেহাল হয়ে পড়ছে। রাস্তার পাশ দিয়েই বয়ে গিয়েছে ময়ূরাক্ষী সেচ ক্যানেল। অভিযোগ, দ্রুতগতিতে যান চলাচল করা এই রাস্তায় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা নেই। ২০১৫ সালে সেচদপ্তর রাস্তাটি পাকা করার পরিকল্পনা করে। খরচ হয় প্রায় এক কোটি টাকা। পরে খোয়াই হাটের জনপ্রিয়তা বাড়লে ২০১৯ সালে প্রায়১২ কোটি টাকা ব্যয়ে রাস্তার সৌন্দর্যায়ন করা হয়। কিন্তু অভিযোগ, ভারী যানবাহন চলাচলের ফলে বিভিন্ন জায়গায় গর্ত তৈরি হয়। পরে অবশ্য ভারী যান চলাচল বন্ধ করা হলেও হাল ফেরেনি রাস্তার। সোনাঝুরি জঙ্গলে রাস্তার পাশের একাংশে মাটি কেটে দেওয়া হয়েছে। জানা গিয়েছে, বেআইনি গাড়ি পার্কিং ও টোটো দাঁড় করানো বন্ধ করতেই এই পদক্ষেপ।  
শনিবার আসানসোল থেকে আসা পর্যটক দীপান্বিতা হাজরা বলেন, যত ভিতরে যাচ্ছি, ততই রাস্তা খারাপ হচ্ছে। টোটোয় যাতায়াত করতেও সমস্যা হচ্ছে। রাস্তাটি দ্রুত সংস্কার করা দরকার। সোনাঝুরি হাটের শিল্পী তন্ময় মিত্র বলেন, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল। আমাদের মতো ব্যবসায়ীদের প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। পর্যটকদেরও সমস্যায় পড়তে হচ্ছে। অবিলম্বে রাস্তাটি সংস্কার করা প্রয়োজন।
বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল বলেন, তৃণমূলের আমলে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হয়েছিল। ঠিকাদারদের মোটা টাকা কমিশন দিতে হত। তাই রাস্তা বেশিদিন টেকেনি। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি, এবার কাজের গুণগত মান বাড়াতে হবে। কোনো কাটমানি চলবে না। বোলপুরের মহকুমা প্রশাসনের এক আধিকারিক বলেন, রাস্তার বিষয়টি আমাদের নজরে এসেছে। দ্রুত পরিস্থিতি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। নিজস্ব চিত্র