ভূতের থিমের মণ্ডপে জায়গা কম, সংকীর্ণ রাস্তা অন্য জায়গা বাছার নির্দেশ পুলিশের
  • ১ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, ময়নাগুড়ি: ভূতের থিমের স্থান কম থাকায় সেখানে পুজো করতে নিষেধ করল পুলিশ। চোরবাগান কাণ্ডের স্মৃতি এখনও টাটকা। সেই ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সেজন্য শনিবার ময়নাগুড়ির বেশকিছু বড় পুজো মণ্ডপ পরিদর্শন করেন থানার আইসি শীর্ষেন্দু দাস, ট্রাফিক ওসি হোমেশ্বর পাল। ময়নাগুড়ির আনন্দনগর পাড়ায় এক কালীপুজোর মণ্ডপে গিয়ে আইসি লক্ষ্য করেন ঘিঞ্জি পরিবেশে তৈরি হচ্ছে থিমের মণ্ডপ। তার উপর মণ্ডপ থেকে বের হওয়ার রাস্তা অত্যন্ত সংকীর্ণ। সেখানে পুজো করার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে নিষেধ করা হয়েছে। তারা যেন অন্য স্থানে পুজো করে সে ব্যাপারেও আলোচনা করা হয়েছে। 

Advertisement

আনন্দনগর পাড়ায় ওই কালীপুজো কমিটি এবার ভূতের উপর থিম করছে। কিন্তু সেখানে গিয়ে কার্যত ক্ষিপ্ত হয়ে যান আইসি। দেখতে পান যে বাঁশ দিয়ে মণ্ডপ ঘেরাও করা হচ্ছে সেটা অত্যন্ত নিম্নমানের। তার উপর একটি ছোট জায়গার মধ্যে থিমের কাজ চলছে। সেই পুজোর কাজ এভাবে চলবে না বলে জানিয়ে দেন আইসি।
মণ্ডপ তৈরীর কাজে নিযুক্ত একজন জানান, এখানে ভূতের উপর থিম হচ্ছে। মণ্ডপের ভেতরে ভূত থাকবে। এটা দর্শনার্থীদের আকর্ষণ করবে। পুজো কমিটির এক সদস্য লক্ষণ বিশ্বাস বলেন, আমরা আলাদা স্থান দেখছি। এটা ঠিক যে আমাদের জায়গা তুলনামূলকভাবে কম। ময়নাগুড়ি থানার আইসি শীর্ষেন্দু দাস বলেন, কালীপুজোতে ময়নাগুড়িতে প্রচণ্ড ভিড় হয়। আমরা ভক্তদের হতাশ ও নিরাশ করতে চাই না। কিছু জায়গায় দেখলাম রাস্তা সংকীর্ণ। ড্রেনের উপর স্ল্যাব নেই। বেশকিছু মণ্ডপ আমরা ঘুরে দেখলাম। আনন্দনগর পাড়ায় ভূতের উপর থিম হচ্ছে। কিন্তু যেখানে কাজ হচ্ছে সেটা সঠিক স্থান নয়। সে কারণে সেখানে পুজো করতে নিষেধ করা হয়েছে। তারা আলাদা জায়গা দেখি নিক। আমরা বিডিও ও ইঞ্জিনিয়ারকে নিয়ে রবিবার বিভিন্ন মণ্ডপে যাব।