সংবাদদাতা, শান্তিনিকেতন: শনিবার রাতে শান্তিনিকেতন থানার লায়েকবাজারে কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধান মামন শেখের বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর থেকে তাঁর পরিবারের লোকজন আতঙ্কে ভুগছেন। রবিবার উপপ্রধান শান্তিনিকেতন থানায় তাঁর পরিবারের নিরাপত্তা দাবি করেন। যদিও জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বিষয়টিকে সাজানো বলে মনে করছেন। উল্লেখ্য, নতুন বছরের প্রথম দিনেই উপপ্রধান মামন সাহেব বোলপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ হানিফ কাজির বিরুদ্ধে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছিলেন। পাশাপাশি তাঁকে পঞ্চায়েতে যেতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন। তবে একদিন পরেই কঙ্কালীতলা পঞ্চায়েতে সদস্যদের সঙ্গে বৈঠকে যোগ দিতে দেখা যায় উপপ্রধানকে। সেই সময় তাঁকে ঘিরে ব্যাপক বিক্ষোভ দেখান কঙ্কালীতলা মন্দির সংলগ্ন ব্যবসায়ীরা। এরপর শনিবার রাতে তাঁর বাড়ি লক্ষ্য করে দু’টি বোমা ছোড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। বোমা ফাটার বিষয়টি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। তবে কে বা কারা এই বোমা ছুড়েছে, তা দেখা যায়নি। দু’টির মধ্যে একটি বোমা ফাটলেও অপরটি বাড়ির সামনেই জঙ্গলের মধ্যে পড়ে ছিল। খবর পেয়ে শান্তিনিকেতন থানার পুলিস সেই বোমা উদ্ধার করে।
Advertisement
উপপ্রধান বলেন, আমার বাড়িতে বোমাবাজি করা হয়েছে। কিন্তু, কারও নাম করে আমি অভিযোগ দায়ের করিনি। পুলিস তদন্ত করছে। আমার পুরো পরিবার আতঙ্কে রয়েছে। এটা নিয়ে কেউ সাজানো বলে মন্তব্য করলে তদন্ত প্রভাবিত হতে পারে। জেলা পরিষদের সভাধিপতি বলেন, ওই উপপ্রধানের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ উঠেছে। তা নিয়ে শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ হয়েছে। তাই মনে হচ্ছে, সেই সমস্ত কিছু থেকে বাঁচতে এই বোমাবাজির ঘটনা সম্পূর্ণ সাজানো। পুলিস নিরপেক্ষ তদন্ত করলে সমস্ত তথ্য বেরিয়ে আসবে।



