Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

পানিহাটির সব ল্যাম্পপোস্টে বসবে এলইডি, বাতিল হবে ভেপার লাইট

পানিহাটির সব ল্যাম্পপোস্টে বসবে এলইডি, বাতিল হবে ভেপার লাইট
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বরানগর: সন্ধ্যা নামলেই অন্ধকারে ডোবে শহরের বিস্তীর্ণ অঞ্চল। গুরুত্বপূর্ণ রাস্তায় আলো না থাকায় আতঙ্কে যাতায়াত করতে হয় শহরবাসীকে। ছোটখাটো দুর্ঘটনা লেগেই রয়েছে। সমস্যা সমাধানের দাবিতে দীর্ঘদন ধরে সরব হচ্ছিলেন শহরবাসী। কিন্তু পুরসভার ভাঁড়ে মা ভবানি অবস্থা। নষ্ট হওয়া এলইডি সারাই করা বা নতুন করে কেনার ক্ষমতা ছিল না। এমন অবস্থায় পুরসভার মুশকিল আসান করল নগরোন্নয়ন দপ্তর। শহরজুড়ে নতুন এলইডি লাইট লাগানোর জন্য তিন কোটি টাকার বেশি বরাদ্দ হয়েছে। এই আর্থিক অনুমোদন পুরসভা কর্তৃপক্ষের স্বস্তি ফিরিয়েছে। 
Advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে আলো নিয়ে সমস্যায় রয়েছে পানিহাটি পুরসভা। বিটি রোডের বিস্তীর্ণ এলাকা অন্ধকারে ডুবেছিল। ফলে দুর্ঘটনাও বাড়ছিল। পুরসভার তরফে জানানো হয়েছিল, নেশাড়ুরা কেবল কেটে বিক্রি করে দেওয়ায় সমস্যা হচ্ছে। ওই সমস্যা কিছুটা নিরসন হলেও ওয়ার্ড ভিত্তিক পথবাতী নিয়ে সমস্যা ছিল। বাসিন্দাদের দাবি, শহরের বহু রাস্তায় আলো জ্বলে না। পুরসভায় জানিয়েও ফল হয়নি। পুরসভার পক্ষেও নতুন এলইডি কিনে লাগানোর ক্ষমতা ছিল না। শুধু তাই নয়, শহরজুড়ে অনেক ভেপার লাইট রয়েছে। আদ্যিকালের এই বাতির ব্যবহারে বিদ্যুৎ বিল হু হু করে বাড়ছিল। সব শুনে পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আলোর জন্য অর্থ বরাদ্দের আশ্বাস দিয়েছিলেন। পুরসভা ৩৫টি ওয়ার্ডে সার্ভে করে নতুন এলইডি লাইটের সংখ্যাও জানিয়েছিল। পুরসভার বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গিয়েছে, শহরে মোট ২৭ হাজার বিদ্যুতের খুঁটি রয়েছে। প্রতিটিতেই নতুন এলইডি লাইট লাগানো হবে। এছাড়া গুরুত্বপূর্ণ জায়গাতেও এলইডি লাইট বসানো হবে। ২৭ জানুয়ারি নগরোন্নয়ন দপ্তর এলইডি আলোর জন্য তিন কোটি ১১ লক্ষ ২০ হাজার ২৭৯ টাকার আর্থিক অনুমোদন দিয়েছে। কাজ করবে নগরোন্নয়ন দপ্তর। দ্রুত কাজ শুরুর জন্য টেন্ডার প্রক্রিয়া শুরু করা হয়েছে। এলইডি বসলে পুরসভার বিদ্যুৎ বিল অনেকটাই সাশ্রয় হবে। বর্তমানে প্রতি তিন মাসে পাঁচ থেকে ছ’কোটি টাকা বিদ্যুৎ বিল বাবদ খরচ হয়। পুরসভার সিআইসি (বিদ্যুৎ) তাপস দে বলেন, এলইডি লাইট লাগানো হলে শহরে আলোর সমস্যা দূর হবে। ইতিমধ্যে বিটি রোড, বারসত রোড সহ গুরুত্বপূর্ণ রাস্তায় আলোর সমস্যা সমাধান করা হয়েছে।  
Advertisement
সম্পর্কিত সংবাদ