Bartaman Logo
২৭ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া ময়দানে হকারদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর উপদেষ্টার

ফুটপাতের ব্যবসা থেকে সরকারি প্রকল্পের সুবিধা- হাওড়া ময়দান চত্বরে অস্থায়ী হকার ও ছোট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন একাধিক বিষয়ে তথ্য নিলেন প্রধানমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা তরুণ কাপুর

হাওড়া ময়দানে হকারদের সঙ্গে  সাক্ষাৎ প্রধানমন্ত্রীর উপদেষ্টার
  • ২৭ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ফুটপাতের ব্যবসা থেকে সরকারি প্রকল্পের সুবিধা- হাওড়া ময়দান চত্বরে অস্থায়ী হকার ও ছোট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এমন একাধিক বিষয়ে তথ্য নিলেন প্রধানমন্ত্রীর দপ্তরের উপদেষ্টা তরুণ কাপুর। শনিবার তাঁর সঙ্গে ছিলেন হাওড়া পুরসভার কমিশনার তেজস্বী রানা। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলার পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় তাঁরা ঋণ বা অন্যান্য সুবিধা পাচ্ছেন কি না, তাও জানতে চান তিনি।
এদিন ময়দান এলাকার ফুটপাত ও রাস্তার ধারে ব্যবসা করা হকারদের কাছে তাঁদের ব্যবসার পরিস্থিতি এবং সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে কোনও সমস্যা হচ্ছে কি না, জানতে চান তরুণ কাপুর। ব্যবসায়ীরাও তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের কথা জানান। বিশেষ করে প্রধানমন্ত্রী স্বনিধি প্রকল্পের মাধ্যমে ঋণ পাওয়ার বিষয়েও তথ্য নেওয়া হয়। অসংগঠিত ক্ষেত্রের ছোট ব্যবসায়ীদের ব্যবসা সচল রাখতে কেন্দ্রের স্বনিধি প্রকল্পে অল্প সুদে ১৫ থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণের সুযোগ রয়েছে। তরুণ কাপুর জানান, প্রকল্পের আওতায় এলে ব্যবসায়ীদের শংসাপত্র দেওয়া হবে। সেটি ব্যবসার জায়গায় প্রদর্শনও করা যাবে। সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে ব্যবসা আরও মজবুত করার বার্তাও দেন তিনি।
এরপর হাওড়া পুরসভায় গিয়ে আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তরুণবাবু। সেখানে ছোট ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা এবং কেন্দ্রীয় প্রকল্পগুলি বাস্তবে তাঁদের কাছে কতটা পৌঁছচ্ছে, তা নিয়ে তথ্য সংগ্রহ করা হয়। পুর প্রতিমন্ত্রী উমেশ রাই বলেন, প্রধানমন্ত্রীর এই প্রকল্পে অনেক ছোট ব্যবসায়ী যুক্ত হচ্ছেন। ব্যবসায়ীরা যাতে আরও ভালোভাবে কাজ করে উন্নতি করতে পারেন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ।

Advertisement

 

Advertisement
সম্পর্কিত সংবাদ