নিজস্ব প্রতিনিধি, মালদহ: আজ, শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মালদহ সফর। মালদহে তাঁর জোড়া কর্মসূচি রয়েছে। প্রথমেই তিনি মালদহ টাউন স্টেশন থেকে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন করবেন। এরপর পুরাতন মালদহের নিত্যানন্দপুরে বিভিন্ন সরকারি প্রকল্পের শিলান্যাস ও পাশেই রাজনৈতিক জনসভা করবেন।
মোদির সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মালদহ টাউন স্টেশন। গেরুয়া-সাদা রঙের প্রলেপ লেগেছে প্ল্যাটফর্ম সহ বিভিন্ন জায়গায়। ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বন্দে ভারত স্লিপার কোচের ফ্ল্যাগ অফ করবেন তিনি। তাই দু’দিন আগে থেকেই ১ নম্বর প্ল্যাটফর্মে কোনও ট্রেন দাঁড়াচ্ছে না। এমনকী ১ নম্বর প্ল্যাটফর্মে অবাধ প্রবেশেও কড়াকড়ি করা হয়েছে।
পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, আপ এবং ডাউন লাইনের বন্দে ভারত স্লিপার ট্রেন ছাড়াও আরও ছ’টি ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। নিত্যানন্দপুরে একই জায়গায় পাশাপাশি প্রধানমন্ত্রীর মঞ্চ গড়া হয়েছে।
মালদহ টাউন স্টেশনের মঞ্চ থেকে তিনি বেশকিছু প্রকল্প এবং ট্রেনের উদ্বোধন করবেন। তারমধ্যে রয়েছে নিউ জলপাইগুড়ি-তিরুচিরাপল্লি অমৃত ভারত এক্সপ্রেস, নিউ জলপাইগুড়ি-নাগেরকয়েল অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার-এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস, আলিপুরদুয়ার-মুম্বাই (পানভেল) অমৃত ভারত এক্সপ্রেস, বালুরঘাট - এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস ও রাধিকাপুর-এসএমভিটি বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেস।
প্রকল্প উদ্বোধনের পর পাশের মঞ্চ থেকে নরেন্দ্র মোদি রাজনৈতিক সভা করবেন।
এদিকে একদিকে যেমন এসআইআর আবহ তেমনি আরেক দিকে রাজ্যের বিধানসভা নির্বাচন দোরগোড়ায়। এই পরিস্থিতিতে রাজনৈতিক জনসভা থেকে নরেন্দ্র মোদি দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে পদ্ম শিবির।