বারাণসী: ভারতের উপর আমেরিকার ২৫ শতাংশ শুল্ক আরোপ করার আবহেই ফের ‘তৃতীয় বৃহত্তম অর্থনীতি’র স্বপ্ন দেখালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার নিজের লোকসভা কেন্দ্র বারাণসী সফরে গিয়েছিলেন মোদি। সেখানে তিনি বলেন, ‘সারা বিশ্বে এখন অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। সব দেশই নিজেদের স্বার্থ দেখছে। আগামী দিনে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে ভারত আত্মপ্রকাশ করবে। তাই আমাদের অর্থনীতির বিষয়ে আরও সজাগ থাকতে হবে।’ এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, ‘দেশের স্বার্থ বজায় রাখতে সরকার সবরকম চেষ্টা করছে। যাঁরা দেশের মঙ্গল চান এবং ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতি হিসেবে দেখতে চান, দলমত নির্বিশেষে তাঁদের উচিত মতপার্থক্য ভুলে ‘স্বদেশি’ পণ্যের উপর জোর দেওয়া। ২৫ শতাংশ শুল্ক চাপানোর সময় ভারতীয় অর্থনীতিকে ‘মৃত’ বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়ার সঙ্গে বাণিজ্য নিয়েও দিল্লিকে হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। সেই আবহেই এদিন প্রধানমন্ত্রীর মন্তব্য তাত্পর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।



