নয়াদিল্লি: আগামী সোমবার ফের সোমনাথ মন্দিরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চলতি বছরে এই নিয়ে দ্বিতীয়বার। বৃহস্পতিবার তিনি নিজেই সেকথা জানিয়েছেন। ‘সোমনাথ এবং ভারতের অজেয় চেতনা’ শীর্ষক এক নিবন্ধে প্রধানমন্ত্রী স্বয়ং লিখেছেন, ‘২০২৬-এর শুরুর দিকে সোমনাথ স্বাভিমান পর্বে যোগ দিতে আমি সেখানে গিয়েছিলাম। সোমনাথ মন্দিরে প্রথম হামলার হাজার বছর উপলক্ষ্যে আয়োজিত হয়েছিল ওই অনুষ্ঠান। ১১ মে আমি আবার সোমনাথে যাব। এবারের উপলক্ষ্য দেশের তৎকালীন রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদের হাতে নবগঠিত মন্দিরটির উদ্বোধনের ৭৫ বছর উদযাপন। অর্ধবর্ষেরও কম সময়ের মধ্যে সোমনাথ সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপনে যোগ দিতে পারা আমার কাছে সৌভাগ্যের। ধ্বংসাবশেষ থেকে এই মন্দির যেভাবে নতুন সাজে সেজে উঠেছে, তাকে ধ্বংস থেকে সৃষ্টির এক অসাধারণ যাত্রা বলা যায়।’ তিনি এও লিখেছেন, ১৯৫১ সালে মন্দির গড়ার কাজ সম্পূর্ণ হলে উদ্বোধনের জন্য ভারতের রাষ্ট্রপতি ডঃ রাজেন্দ্র প্রসাদকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত হয়। তৎকালীন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরুর তীব্র আপত্তি সত্ত্বেও ডঃ প্রসাদ ওই অনুষ্ঠানে এসেছিলেন।



