Bartaman Logo
৯ জুন, ২০২৬

পূর্ণকুম্ভ আমাদের দেশাত্ববোধক চেতনাকে জাগিয়েছে, লোকসভায় বললেন মোদি

আজ, মঙ্গলবার পূর্ণকুম্ভ নিয়ে লোকসভায় বক্তব্য রাখতে উঠেছিলেন তিনি

পূর্ণকুম্ভ আমাদের দেশাত্ববোধক চেতনাকে জাগিয়েছে, লোকসভায় বললেন মোদি
  • ১৮ মার্চ, ২০২৫ ১৪:০৩
Prefer us on Google

নয়াদিল্লি, ১৮ মার্চ: পূর্ণকুম্ভে মৌনী অমাবস্যায় পদপিষ্ট হয়ে বহু মানুষের মৃত্যু, অগ্নিকাণ্ডের মতো ঘটনাগুলিকে আড়াল করে নিজেদের ঢাক পেটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ, মঙ্গলবার পূর্ণকুম্ভ নিয়ে লোকসভায় বক্তব্য রাখতে উঠেছিলেন তিনি। যদিও তাঁর ভাষণে পদপিষ্টের ঘটনা ও অগ্নিকাণ্ডের কোনও উল্লেখ ছিল না। শুধুমাত্র ছিল নিজেদের প্রচার। আর পূর্ণকুম্ভ নিয়ে মোদির এই আত্মপ্রচারকেই কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।

Advertisement

এদিন লোকসভায় মোদি বলেন, ‘প্রয়াগরাজের পূর্ণকুম্ভের সাফল্যের নেপথ্যে যাঁদের অবদান, দেশের সেই সব কোটি কোটি মানুষকে আমি নতমস্তকে প্রণাম জানাচ্ছি। গোটা বিশ্ব ভারতের শক্তি দেখেছে। যাঁরা আমাদের সামর্থ নিয়ে প্রশ্ন তুলেছিলেন, পূর্ণকুম্ভের আয়োজন তাঁদের উপযুক্ত জবাব দিয়েছে। এই উৎসব আমাদের দেশাত্ববোধক চেতনাকে জাগিয়েছে। গোটা বিশ্বেই নানা সমস্যা রয়েছে। তবে সেই সমস্যা কাটিয়ে উঠে কোটি কোটি মানুষ প্রয়াগরাজে এসেছেন। পূর্ণকুম্ভ দেখিয়েছে ভারতবাসী তাঁর হারানো গৌরব ও সংস্কৃতিকে পালন করছেন। এই সংস্কৃতিকে সম্মান করার প্রবণতা আগের তুলনায় বেড়েছে। যুব সম্প্রদায়ও ভারতের আস্থা ও সংস্কৃতিকে অবলম্বন করছেন।’

এদিনের পূর্ণকুম্ভ নিয়ে ভাষণ দিতে গিয়ে কখনও ভগীরথের প্রসঙ্গ টেনে এনেছেন আবার কখনও চৈতন্যদেবের ধর্মীয় আন্দোলন, স্বামীজি বিবেকানন্দের শিকাগো ভাষণেরও উল্লেখ করেছেন মোদি। ৪৫ দিন ধরে চলেছে পূর্ণকুম্ভ। যেটি শেষ হয়েছে গত ২৬ ফেব্রুয়ারি। উত্তরপ্রদেশ সরকারের পরিসংখ্যান অনুযায়ী মোট ৬৬ কোটির বেশি মানুষ পুণ্যস্নান সেরেছেন পূর্ণকুম্ভে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ