জব্বলপুর, ২২ অক্টোবর: মধ্যপ্রদেশে প্রতিমা বিসর্জনের সময়ে ভয়াবহ দুর্ঘটনা। হাই ভোল্টেজ তার ছিঁড়ে ২ জনের মৃত্যুর খবর সামনে আসছে এখনও পর্যন্ত। এছাড়াও সূত্রের খবর ঘটনায় আহত বহু। জব্বলপুরে প্রতিমা বিসর্জন চলছিল, তখনই ঘটনাটি ঘটেছে।
এই ঘটনায় মৃত্যু হয়েছে, বিকাশ রাজপুত (২২) ও প্রিন্স চৌহান (২৩) নামের দুই যুবকের, বলেই জানা যাচ্ছে। এছাড়াও বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন আরও অনেকেই। তাঁদের দেখতে হাসপাতালে যান মন্ত্রী রাকেশ সিং। তিনি জানান, মোট আহতদের সংখ্যা ১১।
দুর্ঘটনায় প্রশাসনকেই দায়ী করছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই ঘটনার অনুমান অনেকদিন আগেই করা হয়েছিল। কিন্তু প্রশাসনের তরফে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। এছাড়া ঘটনার সময়ও গাফিলতির অভিযোগ তোলা হচ্ছে তাঁদের তরফে। স্থানীয়দের দাবি, আহতদের দ্রুত স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানে কোনো চিকিৎসক-কর্মী ছিলেন না। প্রায় ৩০ মিনিট পর ডাক্তার আসেন। ততক্ষণে বিকাশ এবং প্রিন্স মারা গিয়েছিলেন।



