সংবাদদাতা, তেহট্ট : পাট কেনার প্রায় ৩৫লক্ষ টাকা না দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পলাশীপাড়া থানার পুলিস। অমন ঝড়ঝড়িয়া নামে ওই ব্যক্তিকে বৃহস্পতিবার রাতে কলকাতার বাগুইহাটি থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাকে তেহট্ট আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন।
Advertisement
পুলিস জানিয়েছে, ছ’মাস আগে পলাশীপাড়া থানার বার্নিয়ার বাসিন্দা নিতাই বিশ্বাস অমনের নামে অভিযোগ করেন। তাঁর অভিযোগ, অমন চাপড়া এলাকায় একটি গোডাউন ভাড়া নিয়ে পাটের ব্যবসা করত। নিতাইবাবু বেশ কয়েকবারে ৩৫লক্ষ টাকার পাট তাকে বিক্রি করেছেন। কিন্তু সে টাকা বাকি রেখেছিল। পাট দেওয়ার কিছুদিন পর ওই ব্যক্তি চাপড়া থেকে ব্যবসা গুটিয়ে চলে যায়। এরপর নিতাইবাবু তার সঙ্গে যোগাযোগ করলে সে একটি ৩৫লক্ষ টাকার একটি চেক দেয়। নিতাইবাবু সেই চেক ভাঙাতে গিয়ে দেখেন, ওই অ্যাকাউন্ট অনেক আগেই বন্ধ করা হয়েছে। এরপরই তিনি পলাশীপাড়া থানায় অভিযোগ করেন। এরপর পুলিস তদন্ত শুরু করে। কিন্তু ওই ব্যক্তির খোঁজ পাওয়া যাচ্ছিল না। বৃহস্পতিবার পুলিস খবর পায়, অমন বাগুইহাটি এলাকায় ঘোরাঘুরি করছে। খবর পেয়ে পুলিসের একটি দল গিয়ে তাকে গ্রেপ্তার করে।



