মুম্বই, ১৯ জানুয়ারি: পাকিস্তানের ভরসায় ভারতে চাপে ফেরতে গিয়ে অথৈ জলে বাংলাদেশ। তাদের এখন রীতিমতো ‘শ্যাম রাখি না কুল রাখি’ দশা। মুস্তাফিজুর ইস্যুকে সামনে রেখে ভারতে বিশ্বকাপের ম্যাচ না খেলার দাবি পেশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় না দিলে টি-২০ বিশ্বকাপ বয়কটের হুমকি পর্যন্ত দেয়। কিন্তু সেই দাবি ইতিমধ্যে খারিজ করে দিয়েছে আইসিসি। এবার ‘টাইগারদের’ আরও কড়া বার্তা দিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
সূত্রের খবর, ভারতে বিশ্বকাপ খেলবে কি না, ২১ জানুয়ারির মধ্যে জানাতে হবে বাংলাদেশকে। এমনই চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে আইসিসি। তা না হলে অন্য দেশ বিশ্বকাপে খেলার সুযোগ পাবে। তখন মাঠের বাইরে বসে খেলা দেখতে হবে মুস্তাফিজরদের।
বাংলাদেশের অবস্থা এখন শাঁখের করাতের মতো। ভারতে না খেলার সিদ্ধান্তে অটল থাকলে বিশ্বকাপে খেলা হবে না। সেক্ষেত্রে নির্বাসনের সঙ্গে বিপুল অর্থের জরিমানা হতে পারে। আবার পিছু হটে ভারতে খেলতে গেলে থুতু গেলা হবে। মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন ‘নতুন বাংলাদেশের’ টাইগাররা এখন কোন পথ নেয়, সেটাই দেখার।