সংবাদদাতা, লালবাগ: মুর্শিদাবাদ জংশন স্টেশনে ফের তৈরি হবে চার নম্বর প্ল্যাটফর্ম। খবর পেয়ে উৎসাহী যাত্রীরা। গত ২০২২ সালে প্ল্যাটফর্মের প্রয়োজন নেই বলে সেটি ভেঙে ফেলেছিল রেল কর্তৃপক্ষ। পরে ওই লাইনের পাশে মালগাড়ির জন্য ‘গুডস ইয়ার্ড’ তৈরি হয়। কিন্তু রাস্তা সংকীর্ণ হওয়ায় মালগাড়ি থেকে পণ্য ওঠানো-নামানোর কাজ কার্যত সম্ভব হচ্ছিল না। অন্যদিকে, নশিপুর রেল সেতু চালু হওয়ার পর যাত্রীবাহী ট্রেনের সংখ্যা ও পরিষেবা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। তাই ফের চার নম্বর প্ল্যাটফর্ম তৈরির বিষয়টি খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। শনিবার মুর্শিদাবাদ জংশন স্টেশন পরিদর্শনে এসে বিষয়টি নিয়ে আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন শিয়ালদহের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) রাজীব সাক্সেনা। ওইদিন স্টেশনের যাত্রী পরিষেবা ও পরিকাঠামো উন্নয়নের একাধিক বিষয়ও খতিয়ে দেখেন তিনি। বর্তমানে ১নম্বর প্ল্যাটফর্মে কোনো যাত্রীবাহী ট্রেনের স্টপেজ নেই। সেখানে আপ ট্রেন এবং আজিমগঞ্জগামী ট্রেনের স্টপেজ চালুর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো ও পরিচালনাগত দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন ডিআরএম। পাশাপাশি, স্টেশনের মূল প্রবেশপথের কাছে ছ’মিটার চওড়া নতুন ফুট ওভারব্রিজ তৈরির পরিকল্পনা রয়েছে বলেও জানা গিয়েছে। স্থানীয়দের কথায়, এতে যাত্রীদের যাতায়াতের দূরত্ব কমবে এবং ঝুঁকি নিয়ে রেললাইন পারাপারের প্রবণতাও কমবে।



