Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পেঁয়াজের চারা অগ্নিমূল্য, চাষিদের এখন মাথায় হাত

পেঁয়াজের চারা অগ্নিমূল্য, চাষিদের এখন মাথায় হাত
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: বাজারে পেঁয়াজ অগ্নিমূল্য। তাই এবার পেঁয়াজের চারার দামও আকাশ ছুঁল। গত বছর যেখানে ১৫-২০ টাকা কেজি দরে পেঁয়াজের চারা বিক্রি হয়েছে, সেখানে এবার ২০০-২৫০ টাকা কেজি দরে চারা বিক্রি হচ্ছে। এত দামের চারা কিনে কীভাবে চাষ করবেন, চিন্তায় মাথায় হাত চাষিদের। 
Advertisement
কালনা মহকুমার পূর্বস্থলী-১ ও ২ ও কালনা-১ ও ২ ব্লকে কয়েকশ হেক্টর জমিতে পেঁয়াজ চাষ হয়। গত বছর প্রাকৃতিক দুর্যোগের জেরে ফলন কম হয়। পেঁয়াজ চাষিরা তেমন লাভ করতে পারেননি। অনেক চাষিকে ক্ষতির মুখে পড়তে হয়েছে। বর্তমান বাজারে পেঁয়াজ ৭০-৮০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ‘ডানা’ ঘূর্ণিঝড়ের প্রভাবে পেঁয়াজ চাষ পিছিয়ে গিয়েছে। মহকুমার বৃহত্তম পেঁয়াজের চারা বিক্রয়ের আড়ত রয়েছে কালনার নান্দাই নাগরগাছি গ্রামে।  গত বছরের তুলনায় দশগুন বেশি দামে চারা বিক্রি হচ্ছে। 
পেঁয়াজের আড়তদার সুভাষ দাস বলেন, আমার জীবনে পেঁয়াজের চারার এত দাম কখনও দেখিনি। বিগত বছরে এই সময় বস্তা বস্তা পেঁয়াজের চারা আমদানি হতো। এবার খুব অল্প চারা আসছে আড়তে। শুধু কালনার চাষিরা নন। ভিনরাজ্য ও অন্য জেলা থেকে চাষিরা এখানে পেঁয়াজের চারা কিনতে আসছেন।
পেঁয়াজ চাষি কচি শেখ, চন্দ্রগুপ্ত বারিক বলেন, এবার বাজারে পেঁয়াজের দাম ভালো থাকলেও চাষিরা গত বছর ফসল ওঠার সময় তেমন দাম পাননি। ১০-১২ টাকা কেজি দরে বিক্রি করতে হয়েছে। লোকসানের মুখে পড়তে হয়েছে চাষিদের। আমাদের এলাকায় কোনও পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা নেই। সরকারের উচিত মহকুমায় একটি পেঁয়াজ সংরক্ষণের ব্যবস্থা করা। তবেই, অভাবে ও কম দামে বিক্রি করে চাষিদের লোকসানে পড়তে হবে না। এবার বীজের দাম কয়েকগুণ বেশি ছিল। তারসঙ্গে প্রাকৃতিক দুর্যোগের কারণে বীজতলা তৈরি করতে দেরি হয়েছে। অনেক বীজতলা নষ্ট হয়েছে গিয়েছে। এক বিঘেতে বিগত বছরে চারার খরচ ছিল দুই থেকে আড়াই হাজার টাকা। সেখানে এবার বীজ কিনতে ২০ হাজার টাকা খরচ। কীভাবে চাষ করব ভেবে পাচ্ছি না। কালনা-১ সহকারি কৃষি আধিকারিক শুভেন্দু মণ্ডল বলেন, ব্লকের ৭০০ হেক্টরের বেশি জমিতে পেঁয়াজ চাষ হয়। ‘ডানা’ প্রাকৃতিক দুর্যোগে কিছুটা ধাক্কা খেলেও উৎসাহী চাষিরা জোর কদমে পেঁয়াজ চাষে নেমে পড়েছেন। অন্যবারের তুলনায় এবার পেঁয়াজের চারার দাম বেশি থাকায় খরচ বাড়বে। ঘরোয়া পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণে চাষিদের উৎসাহ দেওয়া হচ্ছে।
সম্পর্কিত সংবাদ