Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সাড়ে চার কোটি ব্যয়ে পিচের রাস্তার কাজের সূচনা চণ্ডীপুরে

মঙ্গলবার সাড়ে চার কোটি টাকা ব্যয়ে চণ্ডীপুর ব্লকে উসমানপুর গ্রাম পঞ্চায়েতের ছয় কিলোমিটার পিচ রাস্তার কাজের সূচনা হল। এই উপলক্ষ্যে গোমুঠা বোর্ডিং বাজার এলাকায় এক অনুষ্ঠান হয়।

সাড়ে চার কোটি ব্যয়ে পিচের রাস্তার কাজের সূচনা চণ্ডীপুরে
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

শ্রীকান্ত পড়্যা, তমলুক: মঙ্গলবার সাড়ে চার কোটি টাকা ব্যয়ে চণ্ডীপুর ব্লকে উসমানপুর গ্রাম পঞ্চায়েতের ছয় কিলোমিটার পিচ রাস্তার কাজের সূচনা হল। এই উপলক্ষ্যে গোমুঠা বোর্ডিং বাজার এলাকায় এক অনুষ্ঠান হয়। সেখানে বিধায়ক সোহম চক্রবর্তী, সিএডিসি প্রকল্পের জেলার চেয়ারম্যান অমিয়কান্তি ভট্টাচার্য, জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। চণ্ডীপুর থেকে বাবুইয়া যাওয়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। এই রাস্তা মেরামতের জন্য স্থানীয়রা আবেদন করে আসছিলেন। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অপর্ণাদেবী ওই রাস্তার জন্য তদ্বির করেন। জেলা পরিষদ থেকেই পিএমজিএসওয়াই স্কিমে ৪ কোটি ৪৯ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। ইতিমধ্যে রাস্তার কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে চণ্ডীপুর থেকে বাবুইয়া পর্যন্ত রাস্তার কাজ হবে। দ্বিতীয় পর্যায়ে কলাগেড়িয়া পর্যন্ত ওই রাস্তা শক্তপোক্ত করার পরিকল্পনা রয়েছে বলে এদিন অপর্ণাদেবী জানান।

Advertisement

চণ্ডীপুর থেকে বাবুইয়া রোড নিয়ে গোটা চণ্ডীপুরবাসী গর্ব অনুভব করেন।  কারণ, মহাত্মা গান্ধী ওই সড়ক ধরে তালপুকুর এলাকায় গিয়ে লবণ সত্যাগ্রহ সভায় যোগ দিয়েছিলেন। সেইজন্য এই রাস্তার নাম ‘গান্ধী রোড’। তাছাড়া, ওই রাস্তার ধারে গোমুঠা বোর্ডিং বাজার এলাকা থেকেই শুরু হয়েছিল ৪২-এর আন্দোলন। সেখানে প্রয়াত স্বাধীনতা সংগ্রামীদের স্মৃতির উদ্দেশে শহিদবেদি নির্মাণ করা আছে। এদিন সেই বেদিতে মাল্যদান করে অনুষ্ঠান শুরু হয়। চণ্ডীপুরের এই গান্ধী রোড মেরামতের জন্য সাড়ে চার কোটি টাকা বরাদ্দ হয়েছে। সেই টাকায় কাজ শুরু হয়েছে। এদিন তার আনুষ্ঠানিক সূচনা হল। অমিয়কান্তি ভট্টাচার্য বলেন, যে রাস্তা দিয়ে মহাত্মা গান্ধী হেঁটেছেন সেই রাস্তা আমাদের প্রত্যেকের কাছে স্মরণীয়। এই রাস্তা আরও আগে সংস্কার করা প্রয়োজন ছিল। কিন্তু, নানা প্রতিবন্ধকতার কারণে সেটা সম্ভব হয়নি। আমরা সেই ত্রুটি স্বীকার করছি। দেরিতে হলেও সংস্কারের জন্য প্রয়োজনীয় অর্থ পাওয়া গিয়েছে। রাস্তা সম্প্রসারণ ও শক্তপোক্ত করার কাজে স্থানীয়দের সহযোগিতা দরকার। এই রাস্তা যাতে তাড়াতাড়ি শেষ হয় সেজন্য ঠিকাদার এজেন্সিকে আপনারা সহযোগিতা করুন। গোটা রাজ্যের সঙ্গে আমাদের চণ্ডীপুরেও শিক্ষা থেকে স্বাস্থ্য, পানীয় জল থেকে অন্যান্য পরিকাঠামোর কাজে উন্নয়ন চলছে। এজন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাব।অপর্ণাদেবী বলেন, দীর্ঘদিন ধরে এলাকাবাসী ওই রাস্তার কাজের জন্য আবেদন জানাচ্ছিলেন। আমি এখান থেকেই জেলা পরিষদ আসনে জয়ী হয়েছি। তাই এই রাস্তা সংস্কারের জন্য আমি প্রয়োজনীয় অর্থ বরাদ্দ করতে সভাধিপতি, অতিরিক্ত জেলাশাসক(জেলা পরিষদ) সহ সংশ্লিষ্ট সকলকে আবেদন করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ হয়েছে। এদিনের অনুষ্ঠানে উসমানপুর পঞ্চায়েতের প্রধান মুকুল আলি, জেলা পরিষদ সদস্য স্বপন প্রধান, বিধায়ক প্রতিনিধি সুনীল প্রধান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।   -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ