সংবাদদাতা, আলিপুরদুয়ার: প্রায় আড়াই মাস ধরে আলিপুরদুয়ার পুরসভার ২০টি ওয়ার্ডে বাড়ি বাড়ি পানীয় জলের পাইপ বসানোর কাজ চলছে। ইতিমধ্যেই কাজ ৭০ শতাংশ এগিয়ে গিয়েছে। ওই পাইপ লাইন বসাতে গিয়ে রাস্তা খোঁড়াখুঁড়ি করতে হয়েছে। কিন্তু এরপর রাস্তার গর্ত ভরাটের কাজ এখনও বাকি। কোথাও কোথাও বৃষ্টিতে রাস্তার মাটিও সরে গিয়েছে। প্রতিটি রাস্তাতেই এই বেহাল দশা। গর্তে ভরা ও নরম মাটিতে চাকা আটকে গিয়ে ঘটছে দুর্ঘটনা। আড়াই মাসেও কেন পুরসভা রাস্তার গর্ত বোজাতে পারল না তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। বিরোধীরা এজন্য তৃণমূল পরিচালিত পুরসভার অপদার্থতাকেই দায়ী করেছে। পুরসভার দাবি, শীঘ্রই টেন্ডার ডাকা হবে।
২০ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার শান্তনু দেবনাথ বলেন, তৃণমূল পরিচালিত পুরসভা কাজ শুরু করলেও, শেষটা আর করতে পারে না। পাইপ লাইন বসানোর সময়ই যদি রাস্তার গর্ত ভরাট করে দিত, তাহলে এই সমস্যা হতো না। শাসক দলের পুরবোর্ডের অপদার্থতার কারণে এই ভোগান্তি চলছে।
পুর চেয়ারম্যান প্রসেনজিৎ কর কলকাতায় থাকায় তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুরসভার ভাইস চেয়ারপার্সন মাম্পি অধিকারী বলেন, পুর চেয়ারম্যান কলকাতা থেকে ফিরলেই রাস্তার গর্ত ও অসমান অংশ ভরাটের কাজের টেন্ডার ডাকা হবে। এই কাজের জন্য অর্থের অভাব হবে না। দুর্গাপুজোর আগে রাস্তা সংস্কারও শেষ হবে।
বাড়ি বাড়ি পানীয় জলের পাইপ লাইন বসানোর জন্য ২০টি ওয়ার্ডকে পাঁচটি জোনে ভাগ করেছে পুরসভা। পুরসভার দাবি, ইতিমধ্যেই ২০টি ওয়ার্ডে জলের পাইপ বসানোর ৭০ শতাংশ কাজ এগিয়ে গিয়েছে। বাকি ৩০ শতাংশ কাজও দ্রুত শেষ হবে।