Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / রবিবার

গোলাপি হ্রদ

তোমরা কি ছবি আঁকতে ভালোবাসো? প্রাকৃতিক কোনও দৃশ্য আঁকার সময় অবলীলায় আকাশের মতোই নদীতেও নীল রং করে দাও তাই তো? আসলে আমাদের কল্পনায় জলের রং নীল।

গোলাপি হ্রদ
  • ৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

আমাদের এই পৃথিবী সত্যিই এক বিচিত্র জায়গা। এখানে এমন অনেক কিছুই রয়েছে যার ব্যাখ্যা মেলা কঠিন। তেমনই কিছু জায়গার সঙ্গে তোমাদের পরিচয় করাচ্ছেন কমলিনী চক্রবর্তী।

Advertisement

তোমরা কি ছবি আঁকতে ভালোবাসো? প্রাকৃতিক কোনও দৃশ্য আঁকার সময় অবলীলায় আকাশের মতোই নদীতেও নীল রং করে দাও তাই তো? আসলে আমাদের কল্পনায় জলের রং নীল। কিন্তু বাস্তবে মাঝেমাঝেই তা ভারী অদ্ভুত রূপ ধারণ করে। নীল জলের রং বদলে যায়। কখনও রং বদলে সবুজ, খয়েরি এমনকী স্বচ্ছও হয়ে যায়। তবুও আমাদের মন আজও জলের রং হিসেবে সেই নীলকেই আঁকড়ে ধরে বসে আছে। তবে কল্পনার কথা থাক, আজ বরং এমনই এক হ্রদের গল্প তোমাদের বলি যার রং নীল বা সবুজ নয়। গোলাপি। অবাক লাগল? ভাবছ তাও কী সম্ভব! কিন্তু এটা কোনও কল্পনা নয়, একেবারে ঘোর বাস্তব। এমন হ্রদ এই পৃথিবীর বুকেই রয়েছে। নাম তার হিলিয়ার লেক। এই লেকের ঠিকানা অস্ট্রেলিয়া। ওশিয়ানিয়া মহাদেশের একটি দ্বীপের অংশ এই লেক। সাদা বালি দিয়ে ঘেরা চারদিক আর তারই মাঝে গোলাপি এক টুকরো লেক। গোলাপি মানে একেবারে বাবলগাম পিঙ্ক। দেখলে মনে হবে একটা বড় বাবলগাম পড়ে রয়েছে। 
এখন প্রশ্ন হল এই আশ্চর্য ঘটনাটা ঘটল কীভাবে? একটা প্রাকৃতিক হ্রদ কেমন করে এমন ভিন্ন রূপ ধারণ করল? ভূতাত্ত্বিক ও বিশেষজ্ঞদের গবেষণা অনুযায়ী এই জলে রয়েছে নানা ধরনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রাণী। তাদের লালা, গায়ের রং ইত্যাদি থেকেই হ্রদের জলের রং হয়েছে গোলাপি। মূলত দু’টি প্রাণীকে এই রঙের জন্য দায়ী করা হয়েছে। প্রথমটি এক বিশেষ ব্যাক্টেরিয়া— হ্যালোব্যাক্টেরিয়া। আর দ্বিতীয়টি অ্যালগি। এই দু’টি প্রাণীর লালা ও গায়ের রং থেকেই হিলিয়ার লেক তার অনন্য সুন্দর রং পেয়েছে বলেই বিশেষজ্ঞদের দাবি। এছাড়াও এই লেকের জলে রয়েছে বিভিন্ন প্রজাতির মাইক্রোবস বা অণুজীব। তবে এই অণুজীব ক্ষতিকর নয়। লেকের জলে স্নান করায় তাই কোনও সমস্যা নেই। কিন্তু এই হ্রদের জল যতই নিরাপদ হোক না কেন, এর অবস্থান এমন যে, এখানে পৌঁছনো যায় না। ফলে জলে নেমে স্নানের তো প্রশ্নই ওঠে না। তবে বৈজ্ঞানিকরা পরীক্ষা করে জানিয়েছেন এই লেকের জল খুবই নোনতা। ডেড সি যেমন নোনতা তেমনই হিলিয়ার লেকের জলও লবণাক্ত। তাই বড় কোনও প্রাণী, মাছ ইত্যাদি এই লেকের জলে পাওয়া যায় না।
তোমরা হয়তো ভাবছ লেকে যখন পৌঁছনোই যায় না, তখন তা দেখার সুযোগ পাওয়া যায় কী করে? তার জন্য রয়েছে হেলিকপ্টার রাইড। লেকের পাড়ে পৌঁছতে না পারলেও আকাশ পথে পাখির চোখে হ্রদ দেখার সুযোগ মিলবে হেলিকপ্টারে চড়ে। সারা বছর এই লেক দেখা যায় আকাশপথে।        

Advertisement
সম্পর্কিত সংবাদ