সংবাদদাতা, রামপুরহাট: পাইকরের জাজিগ্রামে জমিতে থাকা চারটি ধানের পালুইয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। মঙ্গলবারের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকাল থেকে জমির ধান কেটে নিজ নিজ মাঠে পালুই করে রেখেছিলেন গ্রামের সনৎ রবিদাস, রাজু সর্দার, নব মণ্ডল ও পাণ্ডব রাজমল্ল। এদিন ট্রাক্টরে বোঝাই করে সেই ধান বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল। সেই মতো এদিন সকালে ট্রাক্টর নিয়ে জমিতে গিয়ে দেখেন চারটি ধানের পালুই থেকে ধোঁয়া বের হচ্ছে। সমস্ত ধান পুড়ে ছাই হয়ে গিয়েছে। তাঁরা বলেন, আক্রোশ থেকে রাতের অন্ধকারে কেউ এই আগুন লাগিয়েছে। প্রচুর টাকার ক্ষতি হয়ে গেল। সংসার খরচ থেকে ছেলেমেয়েদের পড়াশোনা সবটাই নির্ভর করে এই চাষের উপর। সব শেষ করে দিল। যদিও এই ঘটনায় থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে পুলিস।



