Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ডাকবিভাগের স্পেশাল কভারে বাঁকুড়ার সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠের ছবি

ডাকবিভাগের স্পেশাল কভারে বাঁকুড়ার সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠের ছবি
  • ২৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: ডাকবিভাগের স্পেশাল কভার তথা খামে এবার জায়গা করে নিল বাঁকুড়ার সারদা মা নামাঙ্কিত কলেজ। নারীশিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য বাঁকুড়া জেলা সারদামণি মহিলা মহাবিদ্যাপীঠকে ডাকবিভাগ ওই স্বীকৃতি দিয়েছে। বৃহস্পতিবার ডাকবিভাগের তরফে ওই বিশেষ খাম প্রকাশ করা হয়। সেই উপলক্ষ্যে বাঁকুড়া জেলা পরিষদের অডিটোরিয়াম হলে এদিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনুরূপা মুখোপাধ্যায়, ডাকবিভাগের তরফে পোস্টমাস্টার জেনারেল (সাউথ বেঙ্গল রিজিয়ন) ঋজু গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। 

Advertisement

পোস্টমাস্টার জেনারেল বলেন, সারদামণি মহিলা মহাবিদ্যালয় বাঁকুড়া জেলার পাশাপাশি রাজ্যেও সুনাম কুড়িয়েছে। নারী শিক্ষা ও মহিলাদের স্বশক্তিকরণে এই কলেজ উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। সেই কারণে আমরা কলেজের ৫২ বছর পূর্তি উপলক্ষ্যে স্পেশাল কভার প্রকাশ করেছি। দেশের বিভিন্ন প্রান্তে ওই বিশেষ খাম পাওয়া যাবে। তা যে কেউ সংগ্রহ করতে পারবেন। 
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বলেন, ডাকবিভাগের স্পেশাল কভারে জায়গা পাওয়ার ফলে রাজ্যের পাশাপাশি গোটা দেশে আমাদের কলেজের সুনাম ছড়িয়ে পড়বে। বাঁকুড়াবাসীর কাছে এটা গর্বের বিষয়। 
সাংসদ বলেন, ডাকবিভাগ কাজের মাধ্যমে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখে। অন্যান্য দপ্তরের তুলনায় ডাকবিভাগের কর্মীরা বেশি পরিশ্রম করেন। তাঁরা যখন গরিব বৃদ্ধ-বৃদ্ধাদের কাছে দূর-দূরান্তে থাকা রোজগেরে সন্তানের পাঠানো ‘মানি অর্ডার’ পৌঁছে দেন, তখন সকলেরই ভালো লাগে। আমি সারদামণি কলেজ পরিচালন সমিতির চেয়ারম্যান হিসেবে উন্নয়নমূলক কাজ করছি। আমাদের কলেজকে স্পেশাল কভারে ঠাঁই দেওয়ার জন্য ডাকবিভাগকে ধন্যবাদ জানিয়েছি।
উল্লেখ্য, রাজ্যের উল্লেখযোগ্য ও গুরুত্বপূর্ণ বিষয় এবং প্রতিষ্ঠান ডাকবিভাগের স্পেশাল কভার তথা বিশেষ খামে জায়গা পায়। এর আগে ওই খামে জায়গা পেয়েছে বাঁকুড়ার ডোকরা শিল্প, পাঁচমুড়ার টেরাকোটা, বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী ধ্রুপদ সঙ্গীত, বালুচরি, মাদুরকাঠি, পটচিত্র। বছরখানেক আগে বিষ্ণুপুর রাজ ঘরানার দশাবতার তাস ও শুশুনিয়ার পাথর শিল্পও স্পেশাল কভাবে জায়গা পেয়েছিল। এছাড়াও ডাকবিভাগের স্ট্যাম্প ও পিকচার পোস্টকার্ডে জায়গা পেয়েছে বিষ্ণুপুরের টেরাকোটার মন্দির। লালামটির জেলা বাঁকুড়ার আনাচেকানাচে ছড়িয়ে রয়েছে ঐতিহ্যবাহী স্থান। ওইসব জায়গার সঙ্গে জড়িয়ে রয়েছে বহু পুরনো ঐতিহাসিক ঘটনা। শ্রী শ্রী মা সারদা এজেলায় জন্মগ্রহণ করেছিলেন। তাঁর নামাঙ্কিত কলেজের সুনাম দেশের আঙিনায় ছড়িয়ে পড়ায় জেলার পরিচিত আরও বৃদ্ধি পাবে বলে ওয়াকিবহাল মহলের অভিমত। • নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ