Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফুটপাত দখল, অভিযানে নেমে রণংদেহি এসডিও

ফুটপাত দখল, অভিযানে নেমে রণংদেহি এসডিও
  • ২৮ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: হাঁটার জন্য ফুটপাত! নাকি ব্যবসার জায়গা? প্রশাসনের তরফে বারংবার পুরুলিয়া শহরের ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছিল। কিন্তু কথা কানে তুললে তো! বুধবার দুপুরে ফুটপাত দখলমুক্ত করতে নেমে কার্যত রণংদেহি মেজাজ ধারণ করলেন পুরুলিয়া সদরের মহকুমা শাসক উত্পল ঘোষ। সাফ জানালেন, ‘আজ সতর্ক করছি। কাল কিন্তু ট্রাক্টর এনে ফুটপাতে রাখা সামগ্রী তুলে নিয়ে যাব।’
Advertisement
পুরুলিয়া শহর যানজট মুক্ত করতে বুধবার যৌথ অভিযানে নামেন পুলিস ও প্রশাসনের আধিকারিকরা। পুরুলিয়া সদরের মহকুমা শাসক, ডিএসপি(ট্রাফিক) সুমনকান্তি ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। পুরুলিয়া ডাকবাংলো রোড থেকে শুরু হয় অভিযান। রাস্তার ধারে অবৈধভাবে রাখা বাইক, গাড়ি দেখলেই জরিমানা করা হয়। ‘নো পার্কিং’-জোনে গাড়ি রাখায় প্রায় শতাধিক জনকে জরিমানা করা হয়েছে বলে পুলিস সূত্রের খবর। আগামী দিনেও এই অভিযান চলবে। এরপর সেখান থেকে স্টেশন, রথতলা হয়ে মধ্যবাজারে আসেন মহকুমা শাসক। দেখা যায় রাস্তার উপর শুধু অবৈধ পার্কিং নয়, স্থায়ী ব্যবসায়ীরাও দোকান এগিয়ে এনেছেন ফুটপাতে। সংকীর্ণ হয়ে গিয়েছে রাস্তা। যানজট লেগেই রয়েছে। যা দেখেই মেজাজ হারান মহকুমা শাসক।
মহকুমা শাসককে ব্যবসায়ীদের বলতে শোনা যায়, ‘অর্ধেক রাস্তা তো দখলই করে ফেলেছেন। সামান্য কয়েক ফুট কেন ছেড়ে রেখেছেন? দোকান রাস্তাতেই নিয়ে চলে আসুন না!’ এতে কার্যত হকচকিয়ে যান ব্যবসায়ীরা। এরপরেই কড়া মেজাজে এসডিও ওই ব্যবসায়ীকে রাস্তার উপর থেকে সমস্ত সামগ্রী সরিয়ে ফেলার নির্দেশ দেন। ওইসময় পাশের এক দোকানদার সব দেখেও হেলদোলহীনভাবে বসেছিলেন। এসডিও তাঁকে বলেন, ‘আপনাকে কি আলাদা করে বলতে হবে?’ সেই দোকানদারও রাস্তা থেকে জিনিসপত্র সরাতে শুরু করেন।
সম্পর্কিত সংবাদ