সংবাদদাতা, রামপুরহাট: ফুটন্ত ভাতের হাঁড়িতে পড়ে মৃত্যু হল নাফিসা খাতুন নামে দু’বছরের শিশুকন্যার। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মুরারই থানার আম্ভুয়া গ্রামে। দিন সাতেক আগে বাড়ির বারান্দায় খেলতে খেলতে একরত্তি শিশুটি ফুটন্ত ভাতের হাঁড়িতে পড়ে যায়। ভাতের হাঁড়িতে পড়তেই শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হয়। শিশুটিকে গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসক রামপুরহাট মেডিক্যালে রেফার করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ওইদিনই শিশুটিকে বর্ধমান মেডিক্যালে রেফার করা হয়। একসপ্তাহ ধরে যমে-মানুষে টানাটানির পর শেষে মৃত্যুর কোলে ঢলে পড়ে একরত্তি। ঘটনায় পরিবারের পাশাপাশি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, গত রবিবার নাফিসা বারান্দায় খেলাধূলা করছিল। বারান্দার নীচে উনুনে রান্না করছিলেন শিশুটির মা। বড় হাঁড়িতে ফুটছিল ভাত। শিশুটির মা ঘরের ভিতরে সবজি আনতে গিয়েছিল। সেই সময় খেলতে খেলতে সবার চোখের আড়ালে সে ফুটন্ত ভাতের হাঁড়ির মধ্যে পড়ে যায়। হাঁড়িতে পড়ে যেতেই শিশুটির তীব্র চিত্কার শুনে ছুটে আসেন পরিবারের সদস্যরা। শিশুর পিসি সাবিরা বিবি বলেন, ভাত হয়ে এসেছিল। বউদি বাড়ির ভিতরে সবজি আনতে গিয়েছিল। বাচ্চার চিৎকার শুনে বাইরে আসতেই দেখে ভাতের হাঁড়িতে পড়ে গিয়েছে ভাইঝি। অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো গেল না। এদিন বর্ধমান মেডিক্যালে ময়না তদন্তের পর শিশুটির দেহ গ্রামে আসতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।



