সংবাদদাতা, জঙ্গিপুর: বুধবার সকালে ফরাক্কার বাঁধ প্রকল্পের সিআইএসএফ আবাসনের একটি কোয়ার্টারে আগুন লেগে যায়। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়। যদিও ওইসময় কোয়ার্টারে কেউ ছিলেন না। ঘরের জিনিসপত্র ভস্মীভূত হয়ে গিয়েছে বলে দাবি। আবাসনের বাসিন্দারা প্রথমে ধোঁয়া বেরতে দেখেন। দাউদাউ করে আগুন জ্বলে উঠলে তাঁরাই আগুন নেভানোর চেষ্টা করেন। বালতিতে করে জল ছিটিয়ে আগুন নেভানোর সময় একজন জখম হন। বাসিন্দারাই থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন সিআইএসএফ জওয়ানরা। জওয়ানরা দমকল কেন্দ্রে খবর দেন। কিছুক্ষণের মধ্যেই ফরাক্কা এনটিপিসি তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। তবে তার আগেই ঘরের জিনিসপত্র ভস্মীভূত হয়।
Advertisement
ফরাক্কা থানার পুলিস জানিয়েছে, অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। জানা গিয়েছে, বাঁধ প্রকল্পের সিআইএসএফ জওয়ান অজয়কুমার ডিউটিতে ছিলেন। সকালে তাঁর স্ত্রী বাজারে গিয়েছিলেন। ঘরে কেউ ছিল না। সেই সময় কোয়ার্টারে আগুন লাগে। জওয়ানের স্ত্রী এসে দেখেন, স্টোর রুম দাউদাউ করে জ্বলছে। পাশের রুমেও আগুন ছড়িয়ে পড়েছে। আসবাবপত্র সহ ফ্রিজ নষ্ট হয়ে গিয়েছে বলে দাবি।



