নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: সাধারণ মানুষের সমস্যার কথা সরাসরি শুনবেন পুলিশকর্তারা। সপ্তাহে দু’দিন গ্রামীণ পুলিশের সুপার থেকে প্রতি থানার আইসি এবং ওসি’র পাশাপাশি অন্যান্য পুলিশ কর্তাদেরও ফোন করা যাবে। জানা গিয়েছে, গ্রামীণ পুলিশের নতুন সুপার কুণওয়ার ভূষণ সিং এই উদ্যোগ নিয়েছেন। প্রতি মঙ্গল ও বৃহস্পতি সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১টা পর্যন্ত পুলিশ অফিসারদের ফোন করে অভিযোগ বা সমস্যার কথা বলা যাবে। নাগরিকদের পাশে থাকতেই এই নয়া উদ্যোগ চালু করে প্রচারে নেমেছে পুলিশ। সুপার সহ ২৯ পুলিশকর্তার নাম ও ফোন নম্বর দিয়ে প্রচার চলছে। বেনজির ওই উদ্যোগ ঘিরে গ্রামীণ এলাকায় সাড়া পড়েছে।



