Bartaman Logo
১৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

নেপাল থেকে ফোন, নিখোঁজের পরিবারের দাবিতে তুঙ্গে জল্পনা

বন্ধুদের সঙ্গে কাজ করতে নেপালে গিয়েছিলেন বারুইপুরের রং মিস্ত্রি মুজিবর মোল্লা। নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পরে খোঁজ মেলেনি তাঁর। বুধবার তাঁর স্ত্রী’র সঙ্গে নবান্নে কথা বলেন মুখ্যমন্ত্রী।

নেপাল থেকে ফোন, নিখোঁজের পরিবারের দাবিতে তুঙ্গে জল্পনা
  • ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, বারুইপুর: বন্ধুদের সঙ্গে কাজ করতে নেপালে গিয়েছিলেন বারুইপুরের রং মিস্ত্রি মুজিবর মোল্লা। নেপালে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের পরে খোঁজ মেলেনি তাঁর। বুধবার তাঁর স্ত্রী’র সঙ্গে নবান্নে কথা বলেন মুখ্যমন্ত্রী। চাকরির আশ্বাস দেন।  এমন অবস্থায় বৃহস্পতিবার সকালে নিখোঁজ মুজিবর বাড়িতে অচেনা নম্বর থেকে ফোন করে জানিয়েছেন, আমি ভালো আছি। এমনই দাবি করলেন মুজিবরের স্ত্রী সরবানু বিবি। তাঁর এই দাবি ঘিরে জল্পনা তৈরি হয়েছে। যদিও তিনি স্বামীর সঙ্গে কথা বলতে পারেননি। ফোনে এক আত্মীয়ের সঙ্গে কথা হয়েছে মুজিবরের। তবে পরে ওই নম্বরে আর যোগাযোগ করা যায়নি। ঘটনা ঘিরে জল্পনা শুরু হয়েছে। 

Advertisement

বারুইপুর থানার পুলিশ পরিবারটির সঙ্গে যোগাযোগ রাখছে। পুলিশ মুজিবরের পরিবারকে থানায় ডেকে পাঠিয়েছে। একই সঙ্গে ওই অচেনা নম্বর থানায় জমা দেওয়ার দেওয়ার জন্য তাঁর পরিবারকে বলা হয়েছে। ওই ফোন আদৌ মুজিবরের কি না, তা পুলিশ তদন্ত করে খতিয়ে দেখছে। 
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার নিখোঁজ মুজিবর মোল্লার পরিবারকে নবান্নে ডেকে পাঠিয়ে তাঁদের সঙ্গে কথা বলেছিলেন। তাঁর স্ত্রীকে চাকরি দেওয়ার জন্য দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনকে বলেছিলেন। এর পরের দিনই নিখোঁজ মুজিবরের ফোন আসার দাবি ঘিরে তুঙ্গে উঠেছে জল্পনা।
বারুইপুরের গোচরণ পূর্ব পাঁচগাছিয়ায় বাড়ি মুজিবর মোল্লার। বাড়িতে তাঁর বৃদ্ধা মা, একমাত্র ছেলে ও স্ত্রী আছেন। পরিবারে রোজগেরে বলতে তিনিই। স্ত্রী সরবানু বিবি বলেন, গত  ১৬ আগস্ট  আমার স্বামী বারুইপুর, জয়নগরের ৫-৬ জন বন্ধুর সঙ্গে রংয়ের কাজ করতে নেপাল যাওয়ার জন্য বের হয়েছিল। শেষবার ১৭ আগস্ট  স্বামী ফোনে একবার জানিয়েছিল ঠিক আছে তাঁরা। পরে ফোন করবে। কিন্তু আর ফোন আসেনি। এরপরে টিভিতে নেপালে দুর্যোগের খবর দেখে আতঙ্ক ঘিরে ধরেছে। পরে হাজারবার ফোন করা হলেও তাঁকে পাওয়া যায়নি। খুব চিন্তায় দিন কাটছিল। থানা, থেকে শুরু করে প্রশাসনের সব জায়গায় ছুটেছিলাম। সরবানু বিবি  আরও বলেন, এতদিন পরে হঠাৎ আজ সকালে এক আত্মীয়র ফোনে স্বামী ফোন করে। শুধু ভালো আছি বলে ফোন রেখে দেয়। আমি নিজে কথা বলতে না পারায় চিন্তা দূর হয়নি। আর ফোনও পাচ্ছি না। হঠাৎ আজ কেন ফোন এল? ওই অচেনা নম্বরে কেনই আর যোগাযোগ করা যাচ্ছে না এই প্রশ্ন তুলেছেন সরবানু। তিনি আরও বলেন, আমার স্বামী বাড়ি ফিরুক চাই। পুলিশ ওই ফোন নম্বর ট্র্যাক করে দেখুক।

Advertisement
সম্পর্কিত সংবাদ