Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

ফোনে মগ্ন, মুরারইয়ে ট্রেনের ধাক্কায় ২ যুবকের মৃত্যু

ফোনে মগ্ন, মুরারইয়ে ট্রেনের ধাক্কায় ২ যুবকের মৃত্যু
  • ৩০ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: মোবাইলে কথা বলতে বলতে রেললাইন ধরে হাঁটছিল দুই যুবক। ট্রেনচালক একাধিকবার হর্ন বাজালেও তাদের কানে যায়নি। ফলে ট্রেনের ধাক্কায় দুই বন্ধুর প্রাণ গেল। মুরারই স্টেশনের কাছে এই মর্মান্তিক ঘটনায় মৃতদের পরিবার শোকস্তব্ধ।
Advertisement
জিআরপি জানিয়েছে, মৃতদের নাম পাপাই মাল(১৭) ও সুপ্রিয় রাজবংশী(২০)। দু’জনেরই বাড়ি মুরারইয়ের ভাদীশ্বরের আঠারোপাড়ায়। তাঁরা নির্মাণশ্রমিকের কাজ করতেন। দু’জনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব ছিল। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ তাঁরা মুরারই স্টেশন থেকে রেললাইন ধরে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেসময় ডাউন লাইন দিয়ে তিনপাহাড়-বর্ধমান লোকাল পাশ করানো হচ্ছিল। ট্রেনের চালক একাধিকবার হর্ন বাজালেও কানে ফোন থাকায় পাপাই ও সুপ্রিয় তা শুনতে পাননি।  এর জেরেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায়। একজন ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে। অপরজন চাকার নীচে চলে যান। পরে গার্ড স্টেশন ম্যানেজারকে খবর দিলে জিআরপি থানার পুলিস এসে দুই যুবকের ক্ষতবিক্ষত দেহ তুলে ময়নাতদন্তের জন্য রামপুরহাট মেডিক্যালে পাঠায়। 
পাপাইয়ের মামা সিনদ মাল বলেন, রেললাইন ধরে হেঁটে শর্টকাটে বাড়ি ফিরতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। তবে ওদের কানে ফোন ছিল কি না জানি না। স্থানীয়রা জানান, পারাপারের জন্য রেলের ফুট ওভারব্রিজ রয়েছে। সেটা ব্যবহার করলে এই ঘটনা ঘটত না।
সাঁইথিয়া জিআরপি ওসি অপু দাস বলেন, ওই দু’জন রেললাইনের উপর দিয়ে ফোনে কথা বলতে বলতে আসছিল। তিনপাহাড় লোকালের চালক কয়েকবার হর্নও বাজিয়েছিলেন। কিন্তু ওরা মোবাইলে কথা বলতে মগ্ন থাকায় শুনতে পায়নি। চালক এমারজেন্সি ব্রেকও কষেছিলেন। কিন্তু মুহূর্তের মধ্যেই দুর্ঘটনা ঘটে যায়। দু’টি তরতাজা প্রাণ অকালে ঝরে গেল। রেলের এক আধিকারিক বলেন, অসংখ্য সতর্কবার্তা ও মর্মান্তিক দুর্ঘটনা সত্ত্বেও বহু মানুষ রেললাইন পেরনোর সময় অনেকেই মোবাইল ব্যবহার করছেন। এতে প্রাণের ঝুঁকি থাকছে। অনেকে মারাও পড়ছেন। কিন্তু মানুষের হুঁশ ফিরছে না।
সম্পর্কিত সংবাদ