Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ফুল, ফল চাষ করে কলকাতায় সাফল্যের কাহিনি শোনালেন বিএ পাশ কৃষক

ফুল, ফল চাষ করে কলকাতায় সাফল্যের কাহিনি শোনালেন বিএ পাশ কৃষক
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বিএ পাশ। কিন্তু চেষ্টা করেও মেলেনি সরকারি চাকরি। নিরুপায় হয়ে বাবার জমিতেই চিরাচরিত চাষাবাদের বাইরে গিয়ে ড্রাগন ফ্রুট, স্ট্রবেরি, রকমারি ফুল চাষ শুরু করেন। এখন ওই চাষ থেকে বছরে রোজগার হচ্ছে লক্ষাধিক টাকা। বর্তমানে উত্তর দিনাজপুর জেলার অন্যতম সফল ‘কৃষকবন্ধু’। এই কৃতিত্বের জন্য রাজ্যস্তরে পেলেন বিশেষ সংবর্ধনাও। শুধু তাই নয়, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য সরকারের হর্টিকালচার ফুড ফেস্টিভ্যালের মঞ্চে দাঁড়িয়ে নিজের সাফল্যের কাহিনি তুলে ধরলেন কালিয়াগঞ্জ ব্লকের লোহাতারা, ডালিমগাঁওয়ের বছর ছাব্বিশের ভদ্র রায়। উদ্বুদ্ধ করলেন অন্যদেরও। 
Advertisement
ভদ্রর বাবা কৈলাশও পেশায় কৃষক। ভদ্রর আরেক ভাই টিউশন পড়ান। সাধারণ নিম্নবিত্ত পরিবারের ছেলে হলেও কৃষিকাজেও সফল হওয়ার কৃতিত্ব তৈরি করেছেন এই যুবকটি। এতে উচ্ছ্বসিত জেলা উদ্যান পালন দপ্তরও। ভদ্র বলেন, কলেজ পাশ করে যখন চাকরির সন্ধানে ছিলাম, তখনই উদ্যান পালন দপ্তরে যোগাযোগ হয়। বাবা ও স্থানীয় কৃষকদের সঙ্গেও কথা হয়। তখনই একটু ভিন্ন ধরনের চাষবাসের বিষয়টি মাথায় আসে। এরপর থেকেই পথ চলা শুরু। জেলা উদ্যান পালন দপ্তরের পরামর্শ নিই। আধিকারিকদের সহায়তা নিয়ে দু’বিঘা জমিতে রকমারি চাষ শুরু করি।
গত পাঁচ বছর ধরে সফলভাবে ড্রাগন ফ্রুট, স্ট্রবেরির মতো ফল চাষ করছেন। যার চাহিদা ব্যাপক। ফলের পাশাপাশি রকমারি ফুলও চাষ করছেন ভদ্র। তিনি বলেন, ইতিমধ্যে রায়গঞ্জের একাধিক বাজারে আমার বাগানের ড্রাগন ফ্রুট সরবরাহ হয়। এখন আপেল, কিউই সহ রকমারি ফল চাষের জন্য পরীক্ষামূলকভাবে কাজ করছি। আগামীতে চাষবাসের উপর নির্ভর করেই আরও এগনোর চেষ্টা তাঁর। লাগাতার রকমারি ফুল ও ফল চাষের জন্য নেতাজি ইন্ডোরে রাজ্য সরকারের একটি অনুষ্ঠানে ডাক পান ভদ্র। জেলা উদ্যান পালন দপ্তরের আধিকারিক সন্দীপ মহন্ত বলেন, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তিনদিনের একটি রাজ্যস্তরের হর্টি কালচার ফুড ফেস্টিভ্যালের আয়োজন হয়। 
সেখানে আমাদের দপ্তরের আধিকারিকরা সহ একজন সফল কৃষকবন্ধুকে নিয়ে যাওয়া হয়। ওই অনুষ্ঠানেই আমাদের জেলার ভদ্র রায়ের চিরাচরিত চাষাবাদের বাইরে গিয়ে বিভিন্ন ধরনের ফল, ফুল চাষ সকলের নজর কাড়ে। 
তাঁর বাগানের ভিডিও সেই অনুষ্ঠানে দেখানো হয়। চাষিকে সংবর্ধনাও দেওয়া হয়। ভদ্র রায় সেখানে নিজের সাফল্যের কাহিনি শুনিয়েছেন। তাতে অনেকেই উদ্বুদ্ধ হয়েছেন। তাঁকে আমরা বরাবর চাষের ব্যাপারে প্রয়োজনীয় পরামর্শ ও চাষের ক্ষেত্রে ভর্তুকি দিয়ে থাকি। ড্রাগন ফ্রুট, ফুল, চাষে ভর্তুকি দেওয়া হয়। এখন এই কৃষক সাফল্যের পথে এগচ্ছেন। এটাই আমাদের বাড়তি পাওনা। 
Advertisement
সম্পর্কিত সংবাদ