Bartaman Logo
১২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

জাতীয় সড়ক থেকে অলিগলি, বর্ষায় বেহাল সিউড়ির রাস্তাঘাট

বর্ষায় বীরভূমের সদর শহর সিউড়ির রাস্তার বেহাল দশা আরও প্রকট হয়ে উঠেছে। খানাখন্দ আর বড় বড় গর্তে ভরা রাস্তায় প্রাণ হাতে করে যাতায়াত করতে হচ্ছে শহরবাসীকে

জাতীয় সড়ক থেকে অলিগলি, বর্ষায় বেহাল সিউড়ির রাস্তাঘাট
  • ১২ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: বর্ষায় বীরভূমের সদর শহর সিউড়ির রাস্তার বেহাল দশা আরও প্রকট হয়ে উঠেছে। খানাখন্দ আর বড় বড় গর্তে ভরা রাস্তায় প্রাণ হাতে করে যাতায়াত করতে হচ্ছে শহরবাসীকে। সিউড়ির অন্যতম প্রধান যোগাযোগ মাধ্যম ১৪ নম্বর জাতীয় সড়ক এখন কার্যত মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। একমাস আগেই জাতীয় সড়কের কিছু অংশে পেভার ব্লক বসিয়ে সাময়িক মেরামতির কাজ হয়েছিল, কিন্তু তার বাইরেও বিস্তীর্ণ অংশজুড়ে প্রচুর খানাখন্দ রয়ে গিয়েছে। একটু ভারী বৃষ্টি হলেই গর্তে জল জমে ঘটছে ছোটোবড়ো দুর্ঘটনা, চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নিত্যযাত্রীদের।

Advertisement

শুধু জাতীয় সড়ক নয়, শহরের ভেতরের রাস্তার হাল আরও শোচনীয়। শহরের মেন রোডের বহু অংশে পিচের আস্তরণের উঠে গিয়েছে। প্রশাসনিক ভবন মোড় থেকে শুরু করে বাস স্ট্যান্ড সংলগ্ন ব্যস্ত এলাকার রাস্তায় হাল খারাপ। বিধানসভা ভোটের আগে সিউড়ি-সাঁইথিয়া মেন রোডে তড়িঘড়ি পিচের প্রলেপ দেওয়া হয়েছিল। কিন্তু রাতভর ভারী যান চলাচলের দাপটে সেই আস্তরণ উঠে গিয়ে ফের পুরনো কঙ্কালসার চেহারায় ফিরেছে রাস্তাটি।
শহরের অলিগলির অবস্থাও তথৈবচ। শুঁড়িপুকুর পাড়ার রাস্তা, মল্লিকগুনা, সিউড়ি-সাঁইথিয়া বাইপাস, সিউড়ি ফকিরপাড়া, রবীন্দ্রপল্লি রেল ফুঁকোর (আন্ডারপাস) কাছে, জেলা স্কুল মোড়, কোর্ট বাজার এবং সামন্ত বাজার সহ সিউড়ির বিস্তীর্ণ এলাকার রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। সাঁইথিয়া বাইপাসের পিচ উঠে গিয়ে বড় বড় খোয়া বেরিয়ে পড়েছে। ফলে রাতের দিকে ওই রাস্তা বা শুঁড়িপুকুর পাড়ার দিকে যেতেই চাইছে না টোটো চালকরা। বাধ্য হয়ে গেলেও যাত্রীদের অনেক বেশি ভাড়া গুনতে হচ্ছে।
সবচেয়ে শোচনীয় অবস্থা সিউড়ি থেকে দুবরাজপুর যাওয়ার পথে আব্দরপুর এলাকার নির্মীয়মাণ ওভারব্রিজ সংলগ্ন রাস্তার। স্থানীয়দের কথায়, বর্ষার জমা জলে ওই এলাকা পুকুরে পরিণত হয়েছে। খানাখন্দে চাকা পড়ে প্রায় প্রতিদিনই উল্টে যাচ্ছে যাত্রীবোঝাই টোটো, বিকল হচ্ছে বাইক। এর ফলে ওই পথে নিত্যদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে, যা সাধারণ মানুষের কাছে নরক যন্ত্রণার সমান।
রাস্তার এই বেহাল দশা নিয়ে সিউড়ির বাসিন্দা সৌমেন প্রামাণিক ক্ষোভ উগরে দিয়ে বলেন, ‘রাস্তাঘাটের যা অবস্থা, তাতে বাড়ি থেকে বেরলেই ভয় লাগে। জল জমলে বোঝার উপায় থাকে না কোথায় গর্ত আর কোথায় রাস্তা। প্রতিদিন ছোটোখাটো দুর্ঘটনা লেগেই আছে।’ শহরের আরেক বাসিন্দা অমিত মাল বলেন, ‘অসুস্থ রোগী বা স্কুলের বাচ্চাদের নিয়ে এই রাস্তায় যাতায়াত করা রীতিমতো বিপজ্জনক। মেরামতির নামে যা হয় তা শুধুই সাময়িক প্রলেপ।’
শহরবাসীর এই চরম ভোগান্তি প্রসঙ্গে জেলা প্রশাসনের এক কর্তা আশ্বাস দিয়ে বলেন, ‘টানা বৃষ্টির কারণেই রাস্তার এই দশা হয়েছে। তবে সাধারণ মানুষের যাতে অসুবিধা না হয়, তাই পুজোর আগে আগে শহরের গুরুত্বপূর্ণ বেহাল রাস্তাগুলি সংস্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ