সংবাদদাতা, শীতলকুচি: শীতলকুচি ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েতের ফক্কোরের হাট বাজারে ব্যাহত সৌরবিদ্যুৎচালিত পানীয় জল প্রকল্প। এতে সমস্যায় পড়েছেন বাজারের পঞ্চাশজনেরও বেশি ব্যবসায়ী ও বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় একবছর আগে ফক্কোরের হাট বাজারের মাছ হাটির পাশে গ্রাম পঞ্চায়েতের অর্থে পানীয় জল প্রকল্পটি চালু করা হয়। কয়েকমাস পরিষেবা মিললেও বর্তমানে সেটি বিকল হয়ে রয়েছে।
Advertisement
স্থানীয় বাসিন্দা আজিজুল মিয়াঁ জানান, হাটের দিনগুলিতে বাজারে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে। পানীয় জল পরিষেবা না মেলায় সমস্যায় পড়তে হয় তাঁদের। স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানালেও তাঁরা কোনও ব্যবস্থা নেননি। ব্যবসায়ী অমিয় বর্মন বলেন, বাজারে পানীয় জলের ট্যাঙ্ক থাকলেও জল মিলছে না বহুদিন। এ ব্যাপারে দ্রুত প্রশাসনিক পদক্ষেপের দাবি জানাই।
বিষয়টি নিয়ে ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সার্জিনা খাতুন বিবি বলেন, ওই ব্যাপারে আমাকে কেউ জানাননি। কেন পরিষেবা মিলছে না সেই ব্যাপারে খোঁজ নিয়ে দেখব।
বিষয়টি নিয়ে ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সার্জিনা খাতুন বিবি বলেন, ওই ব্যাপারে আমাকে কেউ জানাননি। কেন পরিষেবা মিলছে না সেই ব্যাপারে খোঁজ নিয়ে দেখব।



