সংবাদদাতা, নবদ্বীপ: নবদ্বীপ পুরসভা পরিচালিত সকার কাপের প্রথম সেমিফাইনালে জয়ী হল পূর্ব বর্ধমান জেলার বিদ্যানগর ফুটবল কোচিং সেন্টার। রবিবার দুপুরে নবদ্বীপ পুরসভার বিবেকানন্দ স্টেডিয়ামে তারা দ্য নবদ্বীপ অ্যাথলেটিক ক্লাবকে ২-০ গোলে হারিয়ে সকার কাপ ফুটবল ফাইনালে উঠল।
Advertisement
এদিন কোনও দলেই বিদেশি খেলোয়াড়কে খেলতে দেখা যায়নি। প্রথমার্ধের ১৭ মিনিটের মাথায় বিদ্যানগর ফুটবল কোচিং সেন্টারের হয়ে রাজ দে গোল করেন। দ্বিতীয়ার্ধে গোল শোধ করার জন্য শুরু থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে অ্যাথলেটিক ক্লাব। গোল করার মতো তারা একাধিক সুযোগ পায়। কিন্তু, খেলোয়াড়রা জালে বল ঠেলতে ব্যর্থ হয়। সেই সুযোগে বিদ্যানগরের হয়ে দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান রাজেন ওঁরাও। ২-০ গোলে জয়ী হয় বিদ্যানগর ফুটবল কোচিং সেন্টার।



