Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

সিউড়ি শহরে ফুটপাতের ব্যবসায়ীদের স্থায়ী ঠিকানা

এবার সিউড়ি শহরের বিভিন্ন প্রান্তের ফুটপাত ব্যবসায়ীরা স্থায়ী ঠিকানা পেতে চলেছেন।

সিউড়ি শহরে ফুটপাতের ব্যবসায়ীদের স্থায়ী ঠিকানা
  • ২৫ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: এবার সিউড়ি শহরের বিভিন্ন প্রান্তের ফুটপাত ব্যবসায়ীরা স্থায়ী ঠিকানা পেতে চলেছেন। সৌজন্যে সিউড়ি পুরসভা। জানা গিয়েছে, ফুটপাতে সব্জি ও মাছের পসরা সাজিয়ে বসা ব্যবসায়ীদের এক জায়গায় নিয়ে আসার উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে ব্যবসায়ীরা যেমন উপকৃত হবেন তেমনই পুরসভাও আর্থিকভাবে সমৃদ্ধ হবে। সেইসঙ্গে ফুটপাতও দখলমুক্ত হবে। পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় বলেন, ফুটপাতে থাকা ব্যবসায়ীদের এক জায়গায় নিয়ে আসার ভাবনা শুরু হয়েছে। আমাদের নিজস্ব জমিতেই স্থায়ী বাজার গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। এনিয়ে ইতিমধ্যে বিধায়ক ও সাংসদদের সঙ্গে কথাবার্তাও হয়েছে। অনুমতি পেলেই দ্রুত কাজ শুরু করা হবে। এতে শহরের ফুটপাত ব্যবসায়ীরা অনেকটাই উপকৃত হবেন। সেইসঙ্গে ফুটপাতও দখলমুক্ত হবে। এছাড়া পুরসভারও আয় বৃদ্ধি হবে।

Advertisement

পুরসভা সূত্রে জানা গিয়েছে, সিউড়ি শহরের ৮নম্বর ওয়ার্ডে নিজস্ব পুকুর রয়েছে। ইতিমধ্যে সুবিশাল ওই বেনেপুকুর সংস্কারের কাজও শুরু হয়েছে। আগামী দিনে ওই পুকুরের পাড়েই স্থায়ী বাজার গড়ে তোলার কথা রয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই পুকুর পাড়ে ছোট ছোট স্টল তৈরি করা হবে। এছাড়াও ব্যবসায়ীদের সুবিধার্থে শৌচালয়ও গড়ে তোলা হবে। আনুমানিক ৬ কোটি টাকা ব্যয় হবে। পুরসভা কর্তৃপক্ষ ডিটেইল প্রজেক্ট রিপোর্ট তৈরির পথে হাঁটতে শুরু করেছে। পরবর্তীতে সেই ডিপিআর সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হবে। দপ্তরের তরফে সবুজ সংকেত মিললেই দ্রুত কাজের সূচনা করা হবে। ইতিমধ্যে এনিয়ে পুরসভা কর্তৃপক্ষ একাধিক বৈঠকও সেরেছে। 
সিউড়ি শহরের বিভিন্ন প্রান্তে মাছ ও সব্জি ব্যবসায়ীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন। অনেকেই ফুটপাতের উপর পসরা সাজিয়ে বেচাকেনা করে চলেছেন। এতে গ্রীষ্ম ও বর্ষায় তাঁদের চরম সমস্যায় পড়তে হয়। অন্যদিকে, ফুটপাতের উপর মাছ ও সব্জির পসরা থাকায় পথচারীদেরও নানা সমস্যায় পড়তে হয়। সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে পুরসভা। ফুটপাত ব্যবসায়ীরাও আশার আলো দেখছেন। 
পুরসভা সূত্রে জানা গিয়েছে, বেনেপুকুর পাড়ে প্রায় ৩০০ ব্যবসায়ীর জন্য স্টল তৈরি করা হবে। পরবর্তীতে ব্যবসায়ীদের চিহ্নিত করে স্টলগুলি বণ্টন করা হবে। পুরসভা নিজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে স্টলগুলি থেকে মাসিক ফি আদায় করবে। সব্জি বিক্রেতা লালন মাহারা পুরসভার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, বৃষ্টির সময় আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। পুরসভা আমাদের কথা ভাবলে খুব ভালো হয়।  এই পুকুর পাড়েই গড়ে উঠবে স্থায়ী বাজার। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ