ফের বাঁধের পক্ষেই সওয়াল পেমা খাণ্ডুর, বিরোধিতা জনগোষ্ঠীগুলির, অরুণাচলের আপার সিয়াং মাল্টিপারপাস প্রজেক্ট
  • ১৭ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইটানগর: ব্রহ্মপুত্র নদের উপরে বাঁধ (আপার সিয়াং মাল্টিপারপাস প্রজেক্ট) তৈরি করা নিয়ে প্রতিবাদের ঝড় অরুণাচল প্রদেশে। ক্ষোভে ফেটে পড়েছে স্থানীয় আদিবাসী গোষ্ঠীগুলি। এই পরিস্থিতিতে সোমবার ফের একবার বাঁধের পক্ষে সওয়াল করলেন অরুণাচলের মুখ্যমন্ত্রী পেমা খাণ্ডু। একটি অনুষ্ঠানে অরুণাচলের মুখ্যমন্ত্রী বলেন, নদীর উপর চীন ৬০ হাজার মেটাওয়াটের জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করছে। যার ফলে ভারতের অংশে জলের প্রবাহ কমে যেতে পারে। বদলে যেতে পারে নদীর গতিপথ। তাই নিম্ন অববাহিকায় এই বাধ নির্মাণ জরুরি। অন্যদিকে এদিন বাঁধ নির্মাণের সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য রাজ্য সরকারকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছে স্থানীয় জনগোষ্ঠীদের সংগঠন আদি গালো ওয়েলফেয়ার সোসাইটি। 

Advertisement

জানা গিয়েছে, ২০২৫ সালে এই জলবিদ্যুৎ প্রকল্প তৈরির কাজ শুরু করেছে চীন। তবে ঢাকা ও নয়াদিল্লির বারবার অনুরোধ সত্ত্বেও এই সংক্রান্ত কোনো তথ্য দেয়নি তাঁরা। পেমা খাণ্ডু জানিয়েছেন, আপার সিয়াং মাল্টিপারপাস প্রজেক্টের জলধারণ ক্ষমতা হবে ৯.২ বিলিয়ন কিউবিক মিটার। যা চীনা প্রকল্পের ধারণক্ষমতার (৫.২ বিলিয়ন কিউবিক মিটার) তুলনায় অনেকটাই বেশি। তিনি বলেন, ‘এর ফলে চীন জল ছাড়ার ফলে নদীর প্রবাহে যে বদল হবে, তা নিয়ন্ত্রণ ও মোকাবিলা করা সম্ভব হবে।’ যদিও অরুণাচলের মুখ্যমন্ত্রী স্বীকার করে নিয়েছেন, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তেমন আলোচনা করা হয়নি।  তিনি জানান, প্রাক্তন মন্ত্রীর নেতৃত্বে একটি কমিটি ও একটি সাবকমিটি তৈরি করা হয়েছে। এই কমিটিগুলি সচেতনতার প্রচারে ভূমিকা নেবে। স্থানীয় জনগোষ্ঠীগুলির সংগঠন আদি বানে কেবাং, ছাত্র ও যুবদের বিভিন্ন সংগঠনকেও বিষয়টি বোঝানো হবে।