Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

কেতুগ্রামে গ্রামের মাঠে ঘুরে বেড়াচ্ছে ময়ূর, চোরা শিকার রুখতে পাহারায় বনদপ্তর

আউশগ্রামের পর কেতুগ্রামেও দেখা মিলল ময়ূরের৷ গ্রামের মাঠে চড়ে বেড়াচ্ছে ময়ূর৷ গত দু’ দিন ধরে একটি ময়ূরকে দেখা যাচ্ছে৷ কখনও গাছের ডালে বসে রয়েছে৷ আবার কখনও মাঠের আলে বসে রয়েছে৷

কেতুগ্রামে গ্রামের মাঠে ঘুরে বেড়াচ্ছে ময়ূর, চোরা শিকার রুখতে পাহারায় বনদপ্তর
  • ২ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কাটোয়া: আউশগ্রামের পর কেতুগ্রামেও দেখা মিলল ময়ূরের৷ গ্রামের মাঠে চড়ে বেড়াচ্ছে ময়ূর৷ গত দু’ দিন ধরে একটি ময়ূরকে দেখা যাচ্ছে৷ কখনও গাছের ডালে বসে রয়েছে৷ আবার কখনও মাঠের আলে বসে রয়েছে৷ ময়ূরের ছবি তুললেন কেতুগ্রাম-২ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ আশিসকুমার সিংহ৷ 

Advertisement

তিনি বলেন, কেতুগ্রামের ভুলকুড়ি থেকে কোপা যাওয়ার রাস্তায় ভ্রমরকোল গ্রামের কাছেই একটি ময়ূরকে দেখতে পাই৷ ছবিও তুলেছি। তারপরেই বনদপ্তরকে জানিয়েছি৷ 
পূর্ব বর্ধমানের আউশগ্রামের আদুরিয়ায় ঝাঁকে ঝাঁকে ঘুরে বেড়ায় ময়ূর-ময়ূরীর দল। ক্রমশ আদুরিয়া জঙ্গলে ময়ূরের সংখ্যা বাড়ছে। কয়েক বছর ধরে আদুরিয়া বিটের অধীনে বিভিন্ন গ্রামের কাছে জঙ্গলে ময়ূরের দল ছড়িয়ে পড়তে দেখা গিয়েছে। এবারও ময়ূরীর দল অনেকগুলি ডিম পেড়েছে বিভিন্ন স্থানে। এক একটি ঝাঁকে প্রায় ৩০ থেকে ৪০টি ময়ূর দেখা যাচ্ছে। তারা দল বেঁধে ঘুরে বেড়াচ্ছে। গত বছরে অনেক বাচ্ছার জন্মেছিল। গত কয়েকমাস আগে মঙ্গলকোটের নতুনহাটেও ময়ূরের দেখা মিলেছিল৷ এবার কেতুগ্রামে ময়ূরের দর্শন মিলল৷ কেতুগ্রামের বেশ কয়েকটি জায়গা ময়ূরের থাকার পক্ষে উপযুক্ত। পরিবেশ কর্মীরা জানান, ময়ূরের দেখা মেলা খুব ভালো বিষয়৷ প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে হয়তো আউশগ্রামের আদুরিয়ার জঙ্গল থেকেই ময়ূর এসব এলাকায় এসে বাসা বাঁধছে৷
কাটোয়া মহকুমা বনদপ্তরের রেঞ্জার শিবপ্রসাদ সিনহা বলেন, বিএমওএইচ সাহেব আমাদের জানিয়েছেন ময়ূরের বিষয়ে৷ আমরা ওই এলাকায় কড়া নজরদারি চালাচ্ছি৷ সেখানে বনকর্মীদের মোতায়েন রেখেছি। কোথা থেকে ময়ূর আসছে তা আমরা খতিয়ে দেখছি। কয়েক বছর আগে কাঁকসার জঙ্গলে দেউলে পরীক্ষামূলক ভাবে কয়েকটি ময়ূর ছেড়েছিল বনদপ্তর। ধীরে ধীরে উপযুক্ত পরিবেশ পেয়ে সেই ময়ূর বংশবিস্তার করেই আশেপাশের জঙ্গলে ছড়িয়ে পড়েছে। আউশগ্রামের  আদুরিয়া জঙ্গলে প্রায় দুশোর কাছাকাছি  ময়ূরকে দেখতে পাচ্ছেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের।  প্রেমগঞ্জ, কুনুর নদীর ধারে রাঙাখুলা, আদুরিয়া, হেদোগড়িয়া এলাকায় সকাল ও বিকেল ময়ূরের দর্শন মিলছে। অনেকেই বলছেন, এবার ঝাঁকে ঝাঁকে ময়ূর  দেখতে পাওয়া যাচ্ছে।  অনেকেই আউশগ্রাম ঘুরতে এসে ময়ূর দর্শন করে যাচ্ছেন। তাঁরা ছবিও তুলছেন। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ