দোহা: পশ্চিম এশিয়ায় যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা ‘ইতিবাচক পথেই’ এগিয়েছে। তবে ইরানজুড়ে এখন শোকের আবহ। প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের শেষকৃত্য অনুষ্ঠান শুরু হবে শনিবার। সেই পর্ব চলবে পাঁচদিন। এই অবস্থায় বৃহস্পতিবার আলোচনায় সাময়িক বিরতির কথা ঘোষণা করলেন মধ্যস্থতাকারীরা। বর্তমানে আমেরিকা এবং ইরান সরাসরি আলোচনায় বসছে না। উভয় পক্ষের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করছেন পাকিস্তান এবং কাতারের মধ্যস্থতাকারীরা। কাতারের হয়ে আলোচনা চালাচ্ছেন সেদেশের প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাজেদ আল আনসারি। তিনি এদিন এক্স হ্যান্ডলে লিখেছেন, ‘দোহায় আমেরিকা এবং ইরানের মধ্যস্থতাকারীদের সঙ্গে আলোচনা করেছেন কাতার এবং পাকিস্তানের প্রতিনিধিরা। প্রয়াত আয়াতোল্লা আলি খামেনেইয়ের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবার আলোচনা শুরু হবে।’



