Bartaman Logo
১৩ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানের সঙ্গে শান্তি-সমঝোতা চূড়ান্ত! চলতি সপ্তাহেই সই, নয়া দাবি ট্রাম্পের

ইরানের সঙ্গে শান্তি-সমঝোতা চূড়ান্ত! চলতি সপ্তাহেই সই, নয়া দাবি ট্রাম্পের
  • ১৩ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ২৪ ঘণ্টার মধ্যেই ইরান নিয়ে নিজের অবস্থান বদলে ফেললেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, ভয়াবহ হামলা চালাবে আমেরিকা। কিন্তু তারপর ২৪ ঘণ্টাও পেরল না। আচমকা ট্রাম্প ঘোষণা করে দিলেন, ইরানের সঙ্গে শান্তি-সমঝোতা চূড়ান্ত হয়ে গিয়েছে। চলতি সপ্তাহের মধ্যেই ইউরোপের মাটিতে চুক্তি সই হয়ে যাবে দুই দেশের মধ্যে। এর ফলে সারা বিশ্বের জন্য খুলে যাবে হরমুজ প্রণালী। চুক্তি সম্পন্ন করার জন্য ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্সকে প্রতিনিধি হিসাবে পাঠাতে পারেন বলেও জানিয়ে দিয়েছেন ট্রাম্প। তাঁর দাবি, ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনেই এই চুক্তিতে সায় দিয়েছেন। ইতিমধ্যে একটি মার্কিন সংবাদমাধ্যম আরও একধাপ এগিয়ে জানিয়েছে, মউয়ের খসড়া চূড়ান্ত করে ফেলেছেন মধ্যস্থতাকারীরা। এর ভিত্তিতেই সমঝোতা হবে। শান্তি-চুক্তি স্বাক্ষরের ঘোষণা এর আগেও একাধিকবার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। প্রতিবারই তাঁর দাবি ছিল, চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গিয়েছে। যদিও বাস্তবে কিছুই হয়নি। 
একইভাবে ট্রাম্পের সাম্প্রতিক দাবি খারিজ করে দিয়েছে ইরান। এক বিবৃতিতে ইরানি বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাকেয়ি জানিয়েছেন, মধ্যস্থতাকারীরা কাজ চালিয়ে যাচ্ছেন। তবে, এখনও কোনো কিছুই চূড়ান্ত হয়নি। তিনি আরও বলেন, ‘চুক্তি নিয়ে ইরান এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছায়নি।’ ইরানের সরকার নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, গত দু’মাসে ট্রাম্প ৩৮ বার চুক্তি চূড়ান্ত করার কথা বলেছেন।
ইরান ও আমেরিকার মধ্যে এই সমঝোতা নিয়ে কার্যত অন্ধকারেই ইজরায়েল। সূত্রের খবর, ট্রাম্পের দাবি শোনার পর হতবাক সেদেশের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, ট্রাম্পের পদক্ষেপের বিষয়ে কিছুই জানেন না। মার্কিন প্রশাসনের ঘনিষ্ঠ আধিকারিকদের থেকে এই বিষয়ে তথ্য সংগ্রহ করছেন।

Advertisement

ট্রাম্প প্রস্তাবিত সমঝোতা

 এই সমঝোতা আবর্তিত হচ্ছে হরমুজ প্রণালীকে ঘিরে। সমঝোতা চূড়ান্ত হলে ৩০ দিনের মধ্যে এই জলপথ সমস্ত পণ্যবাহী জাহাজের জন্য খুলে দেবে ইরান। এর জন্য কোনো শুল্কও নেওয়া হবে না
 হরমুজ উন্মুক্ত করার বদলে ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে আমেরিকা। ইরানের জ্বালানি তেল বিক্রির বিষয়েও যে নিষেধাজ্ঞা এতদিন ছিল, তাও তুলে নেওয়া হবে
 এর আগে ৬০ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল আমেরিকা ও ইরান। সেই সংঘর্ষ বিরতির সময়সীমা আরও বৃদ্ধি পেতে চলেছে
 তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আমেরিকার আপত্তি দীর্ঘদিনের। সমঝোতা অনুযায়ী, ভবিষ্যতে কোনোরকম পরমাণু অস্ত্র তৈরি না করার বিষয়ে সম্মত হয়েছে ইরান। মজুত ইউরেনিয়াম নিয়ে ভবিষ্যতে আলোচনা হবে
 ইরান সংলগ্ন দেশগুলি থেকে সামরিক পরিকাঠামো সরিয়ে নেবে আমেরিকা। সেখানে সেনা মোতায়েনও আর থাকবে না। পশ্চিম এশিয়ার দেশগুলি থেকে মার্কিন ঘাঁটি সরানোর দাবি আগেও জানিয়েছিল ইরান। সেই দাবি মেনে নিচ্ছে ওয়াশিংটন

Advertisement
সম্পর্কিত সংবাদ