Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

পড়ুয়াদের ট্যাব কেনার টাকা গায়েব নিয়ে তদন্তে সাইবার ক্রাইম থানা

পড়ুয়াদের ট্যাব কেনার টাকা গায়েব নিয়ে তদন্তে সাইবার ক্রাইম থানা
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়িতে স্কুল পড়ুয়াদের ট্যাব কেনার টাকা গায়েবের নেপথ্যে সাইবার অপরাধীরা? দু’টি স্কুলের ২৮ ছাত্রছাত্রীর জন্য বরাদ্দ ২ লক্ষ ৮০ হাজার টাকা গায়েবের ঘটনা নিয়ে এমন অনুমান করছে পুলিস। ইতিমধ্যে ওই স্কুলগুলি এ ব্যাপারে সাইবার ক্রাইম থানায় অভিযোগ করেছে। পুলিস সূত্রের খবর, এনজেপির একটি স্কুলের ২৩৯ জন ছাত্রছাত্রীর ট্যাব কেনার টাকা বরাদ্দ করা হয়। যার মধ্যে ২১ জনের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আর আশ্রমপাড়ার একটি স্কুলের ২০৪ জন ছাত্রছাত্রীর নামে ট্যাবের টাকা বরাদ্দ করা হয়। এখানে সাতজনের টাকা অ্যাকাউন্টে ঢোকেনি। 
Advertisement
ঘটনার প্রাথমিক তদন্তের পর পুলিস জানিয়েছে, ওই ২৮ জনের মধ্যে একজনের টাকা তার মা’র ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। বাকি ২৭ জনের টাকা কোথায় গেল তা বোঝা যাচ্ছে না। এর পিছনে টেকনিক্যাল কোনও ত্রুটি রয়েছে নাকি সাইবার অপরাধীদের হাত রয়েছে, তা এখনও স্পষ্ট নয়। শিলিগুড়ির ডেপুটি পুলিস কমিশনার (পূর্ব) রাকেশ সিং বলেন, সমগ্র ঘটনা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়।
সম্পর্কিত সংবাদ