সংবাদদাতা, কৃষ্ণনগর: বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়ানের তৎপরতায় প্রায় কোটি টাকার সোনা উদ্ধার হল। বৃহস্পতিবার কৃষ্ণগঞ্জের ডাকাতে গাড়ি মাঠ এলাকা থেকে বিএসএফ জওয়ানদের তৎপরতায় এই সোনা উদ্ধার হয়। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তির নাম সুভাষচন্দ্র মণ্ডল। বছর সাঁইত্রিশের এই ধৃতের বাড়ি কৃষ্ণগঞ্জ থানার মথুরাপুর গ্রামে। তবে বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে কীভাবে বাংলাদেশ থেকে সোনা পাচার হচ্ছে, তাই নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখছে বিএসএফ। পাশাপাশি এই পাচারকারীর সঙ্গে কে বা কারা জড়িত, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে। এদিন বিএসএফের কাছে গোপন সূত্রে খবর আসে মাজদিয়া থেকে কৃষ্ণনগরগামী বাসে কেউ সোনা নিয়ে উঠেছে। এই খবর আসার পর তারা বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু করে। বাসেও তল্লাশি চালায়। তল্লাশি চালিয়ে সোনার পাঁচটি বাট সহ একজন ব্যক্তিকে গ্রেপ্তার করে। এই সোনার আনুমানিক ওজন ১ কেজি ১৯৯ গ্রাম। এই সোনার বাজার মূল্য ৯১ লাখ ৬৫ হাজার ৫০০ টাকা। এ বিষয়ে বিএসএফের ৩২ নম্বর ব্যাটালিয়ানের কমান্ড্যান্ট সুজিত কুমার জানান, পাচার বন্ধ করাই তাঁদের উদ্দেশ্য। বিএসএফ যে কোনও পরিস্থিতির মোকাবিলা করার জন্য সর্বদা সতর্ক রয়েছে।



