সংবাদদাতা, রামপুরহাট: রামপুরহাট জংশন স্টেশনে দেড় মাস ধরে বিকল লিফট। ক্যান্সার আক্রান্ত রোগিণীকে নিয়ে চরম দুর্ভোগে পড়ল পরিবার। হুইল চেয়ারে বসিয়ে ফুট ওভারব্রিজের সিঁড়ি পার করে কোনওরকমে তাঁকে নামানো হল। বর্ধমান-সাহেবগঞ্জ শাখার ব্যস্ততম জংশন রামপুরহাটে যাত্রী পরিষেবার এমন হালে যাত্রীদের ক্ষোভ বাড়ছে। এই স্টেশনে নেমে তারাপীঠ মন্দিরে যাতায়াত করেন দেশের নানা প্রান্তের পর্যটকরা। এছাড়া মহকুমা শহর হওয়ায় আশপাশের বহু গ্রামের মানুষ এই জংশন ব্যবহার করেন। এই স্টেশন থেকে ট্রেন ধরে উত্তরবঙ্গের পাশাপাশি দেওঘর, দুমকা বা ভাগলপুর যাতায়াত করেন বহু যাত্রী। বন্দেভারত সহ একধিক দূরপাল্লার ট্রেনের স্টপেজ রয়েছে এখানে। অথচ দেড় মাস ধরে বিকল হয়ে রয়েছে লিফট। দরজায় ‘আউট অব সার্ভিস’ বোর্ড ঝুলিয়ে দেওয়া হয়েছে। অসুস্থ, বয়স্ক নাগরিক ও প্রতিবন্ধী যাত্রীরা বেশি সমস্যায় পড়ছেন।
পাইকরের বাসিন্দা বিউটি বিবি ক্যান্সার আক্রান্ত। মঙ্গলবার বর্ধমান থেকে চিকিৎসা করিয়ে বিশ্বভারতী ফাস্ট প্যাসেঞ্জার ট্রেন ধরে রামপুরহাট জংশনের ৪নম্বর প্ল্যাটফর্মে নামেন। রামপুরহাটে এক আত্মীয়ের বাড়িতে রাত্রিবাস করার কথা ছিল। সেইমতো গুরুতর অসুস্থ স্ত্রীকে কোনওরকমে নামিয়ে প্ল্যাটফর্মে বসান স্বামী আব্দুল রহিম শেখ। এরপর তিনি ১নম্বর প্লাটফর্মে এসে আধারকার্ড জমা দিয়ে হুইলচেয়ার নিয়ে যান। স্ত্রীকে হুইল চেয়ারে বসিয়ে লিফটের কাছে এনে দেখেন সেটি খারাপ। রহিম সাহেব বলেন, কীভাবে স্ত্রীকে ১নম্বর প্ল্যাটফর্মে নিয়ে যাব ভেবে পাচ্ছিলাম না। অবশেষে ফোন করে আত্মীয়দের ডাকি। সবাই মিলে হুইলচেয়ার তুলে ফুট ওভারব্রিজের সিঁড়ি ভেঙে নিয়ে আসা হয়। তিনি বলেন, চরম দুর্ভোগে পড়তে হয়েছে। লিফট থাকা সত্ত্বেও সুবিধা মিলল না। নিত্যযাত্রীরা বলছেন, দেড় মাস ধরে লিফট বিকল। সারানো হচ্ছে না।
ওই ট্রেন থেকেই বৃদ্ধ বাবা, মা, স্ত্রী ও সন্তানকে নিয়ে তারাপীঠ যাওয়ার জন্য নামেন সন্দীপন হাজরা। তিনি বলেন, ষাটোর্ধ্ব বাবার হাঁটুর সমস্যা রয়েছে। ট্রেন থেকে নেমে ৫নম্বর প্ল্যাটর্ফম ধরে অনেকটা হেঁটে লিফটের কাছে এসে দেখি, সেটি বন্ধ। কিছুক্ষণ অপেক্ষা করার পর স্টেশন ম্যানেজারের অফিসে পরিচয়পত্র জমা দিয়ে হুইলচেয়ার নিয়ে আসি। বাবাকে বসিয়ে অনেক কষ্টে ১ নম্বর প্লাটফর্মে নিয়ে আসি। ওই প্ল্যাটফর্মে চলমান সিঁড়িও নেই। মঙ্গলবার রাতেও একই সমস্যার সম্মুখীন হয়েছেন ইয়ামিন মোল্লা। তিনি বলেন, হার্টের অসুখে হাঁটা নিষেধ। কিন্তু, লিফট বিকল থাকায় হেঁটেই ওভারব্রিজের সিঁড়ি ভেঙে ১নম্বর প্ল্যাটফর্মে নামতে হল। খুবই কষ্ট হয়েছে।
স্থানীয় যাত্রীদের অভিযোগ, স্টেশনে অনেক কাজ হচ্ছে। কিন্তু সেগুলি রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। রেল আধিকারিকদের উদাসীনতায় রামপুরহাটের মতো গুরুত্বপূর্ণ স্টেশনের এমন হাল। লিফট থেকেও নেই। পূর্ব রেলের জনসংযোগ আধিকারিক দীপ্তিময় দত্ত বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে লিফট বিকল রয়েছে। যন্ত্রাংশ বাইরে থেকে আসছে। আশা করি দু’-একদিনের মধ্যে ঠিক হয়ে যাবে। নিজস্ব চিত্র



